ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন প্রক্রিয়া নিয়ে দাতা গোষ্ঠী প্রভাব বিস্তারের চেষ্টা করলেও সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সিঙ্গাপুরের পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী জুলকিফলি ম্যাসাগোজের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, “নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।”
আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সরকার চাপের মুখে রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “গত সাড়ে দিন বছরে পাঁচ হাজারের বেশি নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। তাই এ বিষয়ে তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।”
আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন সরকারের অধীনে অনুষ্ঠিত হবে তা নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে অচলাবস্থা নিরসনে সম্প্রতি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন। মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গত মাসে বিএপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা রোববার রাজধানীর একটি হোটেলে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
গত সপ্তাহে জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে মজীনার সাক্ষাতের কথা থাকলেও পরে তা বাতিল করা হয়।
বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে। কিন্তু অনির্বাচিত কোনো শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর না করার বিষয়ে অনঢ় থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সর্বদলীয় অন্তর্বতীকালীন সরকারের অধীনে নির্বাচনের কথা বলছে।
পদ্মায় কূটনৈতিক ব্যর্থতা নেই
পররাষ্ট্রমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণের ব্যবস্থাপনায় কোনো কূটনৈতিক ব্যর্থতা নেই।
তিনি বলেন, ঋণদাতা সংস্থা গ্রহণযোগ্য কোনো প্রমাণ ছাড়াই সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে তা বাংলাদেশের জন্য সমস্যার সৃষ্টি করেছে। সরকার কোনো বন্ধুত্বপূর্ণ দেশ বা দাতা সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এএল/২২০৬ ঘ.
bdnews24