গাজীপুর, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর-৪ আসনে উপনির্বাচনে নৌকা প্রতীকে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিমিন হোসেন রিমি।
দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে রিমি রোববার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
কাপাসিয়া উপজেলা মিলনায়তনে মনোনয়নপত্র জমা দেয়ার সময় রিমির সঙ্গে আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি জাতীয় পার্টির নেতারাও ছিলেন।
রিমির কয়েক ঘণ্টা পর তার চাচা আফসারউদ্দিন আহমদ খানও মনোনয়নপ্রত্র জমা দেন রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদের কাছে।
ওই আসনের সাবেক সংসদ সদস্য আফসারের সঙ্গে ছিলেন তার ছেলে মোকতাদির আহমদ খানসহ সর্মথকরা। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন।
রিমির ছোটভাই তানজিম আহমদ সোহেল তাজের পদত্যাগের কারণে এই আসনে উপনির্বাচন হচ্ছে। আওয়ামী লীগ রিমিকে মনোনয়ন দিয়েছে।
বিএনপি এই নির্বাচন বর্জন করছে। মহাজোট শরিক জাতীয় পার্টি আলাদাভাবে নির্বাচনের ঘোষণা দিলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টায়।
রোববার দুপুর পর্যন্ত সিপিবি প্রার্থীসহ ১১ জন নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে রিমির চাচা আফসার উদ্দিন আহমদ খানও রয়েছেন। সোমবার (৩ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।
৫ সেপ্টেম্বর বাছাই শেষে প্রার্থীরা ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। আগামী ৩০ সেপ্টেম্বর ভোটগ্রহণ হবে।
মনোনয়নপত্র জমা দেয়ার সময় রিমির সঙ্গে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মমতাজ উদ্দিন মেহেদী, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজগর রশিদ খান, মহাজোটের জাতীয় পার্টির নেতা মো. শামসুদ্দিন খান, সাবেক সংসদ সদস্য মো. শহিদুল্লাহ, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আমানত হোসেন খান, সাইফুল হাকিম, কৃষক লীগের জেলা সদস্য নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফ হোসেন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে কোনো প্রতিক্রিয়া জানাননি রিমি।
সর্বোচ্চ পাঁচজনকে নিয়ে মনোনয়নপত্র জমা দেয়ার নিয়ম থাকলেও অতিরিক্ত নেতাকর্মীর উপস্থিতি প্রসঙ্গ তুললে তিনি বলেন, তিনি পাঁচজনকে নিয়েই এসেছেন।
“অন্যরা হয়তো দেখতে এসেছেন,” বলেন ক্ষমতাসীন দলের এই প্রার্থী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৬৫০ ঘ.
bdnews24