২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ’র রাষ্ট্রদূতদের সঙ্গে বিএনপির বৈঠক

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে ‘রুদ্ধদ্বার’ বৈঠক করেছে বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 09:44 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে ‘রুদ্ধদ্বার’ বৈঠক করেছে বিরোধী দল বিএনপি। গুলশানের ওয়েস্টিন হোটেলে সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ বৈঠক হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন, নরওয়ে, নেদারল্যাণ্ড, ফ্রান্স, স্পেন, সুইডেনের রাষ্ট্রদূতরা অংশ নেন। বৃটিশ হাইকমিশনের একজন প্রতিনিধিও এসময় উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধিদলে ছিলেন- দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও সাংবাদিক শফিক রেহমান। বৈঠক প্রসঙ্গে শমসের মবিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিসহ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান দ্বি-পাক্ষিক বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে। আমরা বিভিন্ন সময়ে রাষ্ট্রদূতদের সঙ্গে মতবিনিময় করে থাকি, এটি তার একটি।” তবে দলের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকে রাষ্ট্রদূতরা নির্দলীয় সরকার ব্যবস্থা নিয়ে বিএনপির অবস্থান জানতে চেয়েছে। দলের পক্ষ থেকে তা ব্যাখ্যা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৫৪১ ঘ.