২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দায় নিয়ে পদত্যাগ করুন: ফখরুল

মন্ত্রী-উপদেষ্টাদের দুর্নীতির দায় কাঁধে নিয়ে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 02:40 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রী-উপদেষ্টাদের দুর্নীতির দায় কাঁধে নিয়ে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকালে এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, “এখন প্রধানমন্ত্রীর দিকে আঙ্গুল উঠেছে। জনগণ জানতে চায়, হলমার্ক, ডেসটিনি, পুঁজিবাজার থেকে কারা কারা অর্থ লুট করেছে? জবাব দিতে না পারলে নৈতিক কারণে সরকারের পদত্যাগ করা উচিৎ।’’ সরকারের ব্যর্থতারও কঠোর সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। ফখরুল বলেন, “পুঁজিবাজার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ বিভিন্ন স্থান থেকে অর্থ লুণ্ঠন করে সরকারের লোকজন বিদেশে সম্পদের পাহাড় তৈরি করেছেন। নির্বাচনের আগে সম্পদের হিসাব দেওয়ার অঙ্গীকার করেও প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা সম্পদের হিসাব দেননি।” বিদ্যুতের মূল্য বৃৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এরফলে এক দুর্বিসহ অবস্থার মধ্যে মানুষজনকে পড়তে হবে। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের চতুর্থ কারামুক্তি দিবস উপলক্ষে এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করে জাতীয়তাবাদী যুব দল। ফখরুল বলেন, “সরকার তারেক রহমানকে ভয় পায় বলে মিথ্যা মামলা দিচ্ছে। তবে এতে লাভ হবে না।” যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, যুব দলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২০৩৫ ঘ.