২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাদের কথা নবীনদের জানাতে হবে: তথ্যমন্ত্রী

নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে দেশের প্রত্যেক বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে প্রচার চালানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 11:50 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে দেশের প্রত্যেক বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে প্রচার চালানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপর নির্মিত প্রামান্যচিত্র ‘দ্য স্পিচ’ এর মোড়ক উন্মোচন ও প্রকাশ অনুষ্ঠানে বক্তব্যে তিনি এর ওপর জোর দেন। তথ্যমন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধে যাদের অবদান রয়েছে আমরা তাদের অবদান জানি না এবং জানতেও দেই না। নতুন প্রজন্ম যেন জাতির এই মহান সন্তানদের কথা জানতে পারে, এই লক্ষ্যে দেশের প্রত্যেক বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে প্রচার চালাতে হবে।” একই সঙ্গে মুক্তিযুদ্ধের ‘বিশ্বাসঘাতক’দের থেকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে মহাকাব্যের সঙ্গে তুলনা করে আবুল কালাম বলেন, “৭ মার্চের ভাষণ ছিলো মুক্তির দিক নির্দেশনা। মুক্তিযুদ্ধের সামাজিক পরিকল্পনা তার বক্তব্যে সুস্পষ্ট।” বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রটি যেন প্রত্যেকে সংগ্রহ করতে পারে, সেজন্য এর দাম সাধারণের ক্রয়সীমার মধ্যে রাখতে অনুরোধ জানান তিনি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ বলেন, “এক সময় জাতি বঙ্গবন্ধুর ডাকে অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধ করেছিল। এখন অনেক কিছুই মুছে যাচ্ছে। এসব ইতিহাস নতুন প্রজন্মের জন্য রক্ষা করার প্রয়োজন রয়েছে।” অনুষ্ঠানে ‘দ্য স্পিচ’র কিছু অংশ দেখানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম হামিদ, ব্যারিস্টার আমীর উল ইসলাম, প্রামাণ্যচিত্রটির নির্মাতা ফখরুল আরেফিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৭৪৬ ঘ.