ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলা তদন্তের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে সৌদি সরকারের সফররত একটি প্রতিনিধি দল ।
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল-বুসাইরির নেতৃত্বে বুধবার বিকালে সাত সদস্যের এই প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারের সঙ্গে সাক্ষাৎ করে।
পুলিশ সদরদপ্তরে সাক্ষাতের সময় প্রতিনিধি দলের সদস্যরা মহাপরিদর্শকের কাছে তাদের সন্তোষের কথা জানান।
পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে প্রতিনিধি দলকে খালাফ হত্যা মামলার সার্বিক অগ্রগতি এবং আসামি গ্রেপ্তার সম্পর্কে অবহিত করা হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামি যাতে সর্বোচ্চ শাস্তি পায় সে বিষয়ে পুলিশ যথেষ্ট তৎপর রয়েছে বলে তাদের জানানো হয়।
পরে প্রতিনিধি দলের সদস্যরা মামলাটির তদন্তে অগ্রগতিতে বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় বাংলাদেশ পুলিশের সহকারী মহাপুলিশ পরিদর্শক (এআইজি) মো. জহিরুল ইসলাম ভূঁইয়া এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
গত ৫ মার্চ গুলশানে নিজ বাসার কাছে সৌদি নাগরিক খালাফ আল আলী খুন হন। প্রায় এক মাস আগে ঢাকা মহানহর গোয়েন্দা পুলিশ এই হত্যা মামলায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/১৮৪৭ ঘ.
bdnews24