২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিছবাহুর বানানো সাক্ষী’

একাত্তরের যুদ্ধাপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ধরে সাক্ষ্য দেওয়া ইসলামী ঐক্যজোট নেতা মিছবাহুর রহমান চৌধুরীকে ‘বানানো সাক্ষী’ হিসেবে অভিহিত করেছেন এই আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 05:02 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ধরে সাক্ষ্য দেওয়া ইসলামী ঐক্যজোট নেতা মিছবাহুর রহমান চৌধুরীকে ‘বানানো সাক্ষী’ হিসেবে অভিহিত করেছেন এই আইনজীবী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার সাক্ষ্যে তাকে জড়িয়ে মিছবাহুর রহমানের বক্তব্যও নাকচ করেছেন জামায়াত নেতাদের আইনজীবী ব্যারিস্টার রাজ্জাক। জামায়াত আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা সাক্ষ্যে একাত্তরে রাজ্জাকসহ অন্য নেতাদের ভূমিকা নিয়েও কথা বলেন। মিছবাহুর এক সময় জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘে যুক্ত ছিলেন। তবে এখন এই দলটির কড়া সমালোচক তিনি। মিছবাহুর বলেন, আব্দুর রাজ্জাক ১৯৭৬ সালে তাকে একটি বৈঠকে অংশ নিতে আহ্বান জানিয়েছিলেন, যাতে গোলাম আযম উপস্থিত ছিলেন। “আমাকে সভায় ডাকায় আমি আব্দুর রাজ্জাকের ওপর একটু অসন্তুষ্ট হয়েছিলাম। কিন্তু ওই সভায় গিয়ে রাজ্জাকের বক্তব্য শুনে আমি জানতে পারলাম যে তিনিও আল বদরের অংশ ছিলেন এবং পাকিস্তানি সেনাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে একটি অফিসও চালাতেন,” বলেন তিনি। তবে ওই ধরনের কোনো বৈঠকের কথা স্মরণে নেই জানিয়ে আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, “তিনি (মিছবাহুর রহমান) সে সময় সামান্য একজন ছাত্র ছিলেন। তাকে ওই রকম একটি উচ্চ পর্যায়ের বৈঠকে ডাকার কোনো যুক্তি নেই।” মিছবাহুরের সাক্ষ্যকে ‘অসৎ উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যায়িত করে তিনি বলেন, এখানে নিজামী সম্পর্কে সংক্ষিপ্ত সাক্ষ্য দিয়ে অন্যদের দিকেই বেশি ইঙ্গিত করা হয়েছে। “এই সাক্ষীকে বানানো হয়েছে। আমার ভাবমূর্তি নষ্ট করার এবং আমাকে আসামি পক্ষ থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে।” এক পর্যায়ে রাজ্জাক উচ্চস্বরে প্রশ্ন ছুড়ে দেন, “গত ৩৮ বছরে এ সমস্ত অভিযোগ কোথায় ছিল? “তদন্ত কর্মকর্তাকে দেওয়া সাক্ষীর বিবৃতি খুঁজে দেখুন, আমার বিরুদ্ধে করা এ সব অভিযোগের কিছুই সেখানে নেই।” মুক্তিযুদ্ধ নিয়ে অনেক গবেষণার কথা জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, “কিন্তু তাদের কেউ আমার নাম উল্লেখ করেনি, শুধু এই ব্যক্তি ছাড়া।” ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন- জানতে চাওয়া হলে তিনি বলেন, “যেহেতু বিভিন্ন দিক থেকে আমি অনেকগুলো অভিযোগের মুখে আছি, তাই ওই সময়ে আমার অবস্থান সম্পর্কে আমি কিছু বলব না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এমআই/২৩০০ ঘ.