ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হামলাকারীদের রক্ষার নতুন ষড়যন্ত্রের অংশ হিসেবেই বিএনপি একুশে অগাস্টের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় নিহত নারী নেত্রী আইভী রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকীতে শুক্রবার রাজধানীর বনানীতে তার কবরে শ্রদ্ধা জানানোর পর হানিফ সাংবাদিকদের বলেন, “গ্রেনেড হামলাকারীদের রক্ষা করতে বিএনপি নতুন ষড়যন্ত্র করছে। আর এ ষড়যন্ত্রের অংশ হিসেবেই আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে।”
গত ২২ অগাস্ট এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভী ওই গ্রেনেড হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন।
তিনি বলেন, “আমরা মনে করি, একটি অশুভ উদ্দেশ্য দেশপ্রেমিক সরকারকে কলঙ্কিত করতেই এই ঘটনা ঘটানো হয়েছিল। এর সঙ্গে এখনকার ক্ষমতাসীন দলেরও যোগসাজশ ছিল।”
রিজভীর বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, “রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এ ধরনের হামলা চালানো কখনোই সম্ভব ছিল না। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান এবং তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর এ ঘটনায় জড়িত ছিলেন।”
“মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করা যাবে না। আমরা আশা করব তারা (বিএনপি) মিথ্যাচার থেকে সরে আসবে”, যোগ করেন এই আওয়ামী লীগ নেতা।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর দাবিতে বিএনপি যে আন্দোলন চালিয়ে আসছে, তাতে দেশের মানুষের সায় নেই বলেও দাবি করেন হানিফ।
বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে ওই গ্রেনেড হামলায় গুরুতর আহত হন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও বর্তমান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমান। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ অগাস্ট মারা যান তিনি। ওই হামলায় অন্তত ২৪ জন নিহত হন।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। এরপর একে একে শ্রদ্ধা জানান যোগাযোগমন্ত্রী ওবায়েদুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, এলজিআরইডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানকসহ দলীয় নেতাকর্মীরা।
পরে রাষ্ট্রপতি ১৫ অগাস্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবরেও শ্রদ্ধা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১৩৩৫ ঘ.
bdnews24