ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী নেত্রী আইভী রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী শুক্রবার।
২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলায় নিহত হন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভী রহমান। তিনি রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী।
গ্রেনেড হামলায় গুরুতর আহত আইভী ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ অগাস্ট মারা যান। ওই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়।
প্রতিবারের মত এবারো আইভী রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে বনানী কবরস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ফুল দেবেন। সেখানে মিলাদ ও মোনাজাতে অংশ নেবেন তারা।
রাষ্ট্রপতি জিল্লুর রহমান সকাল সাড়ে ১০টায় আইভী রহমানের কবরে ফুল দেবেন।
এছাড়াও বঙ্গভবনে বিকালে আয়োজিত মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও অংশ নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১৩৪ ঘ.
bdnews24