ঢাকা, অগাস্ট ২২ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিন বিকালে ঝালকাঠির কলেজছাত্র লিমন ও তার মায়ের ওপর র্যাবের এক ‘সোর্সের’ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বুধবার টিআইবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামলার প্রতিবাদ জানিয়ে লিমনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
ঈদের দিন বিকালে হামলার শিকার হওয়ার পর পরিবার ও নিজের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত আবেদন করেন র্যাবের কথিত বন্দুকযুদ্ধে পা হারানো লিমন হোসেন।
২০ অগাস্ট বিকালে গ্রামের বাড়ি থেকে পিরোজপুরের ভাড়া বাড়িতে ফেরার সময় ইব্রাহিমের নেতৃত্বে কয়েকজনের হামলার বিষয়টিও উল্লেখ করেছেন লিমন। ওই হামলায় লিমনের মা হেনোয়ারা বেগমও আহত হন।
২০১১ সালের ২৩ মার্চ রাজাপুরে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে আহত হন লিমন। পরে তার একটি পা কেটে ফেলতে হয়।
ওই ঘটনায় তিনটি মামলা হয়। লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে র্যাব। আর র্যাবের বিরুদ্ধে একটি মামলা করেন লিমনের মা হেনোয়ারা বেগম। লিমনের মায়ের করা ওই মামলায় র্যাবকে ‘নির্দোষ’ দেখিয়ে গত ১৪ অগাস্ট চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ।
পুলিশের এই চূড়ান্ত প্রতিবেদনকে ষড়যন্ত্রমূলক এবং একজন সাধারণ নাগরিকের নিরাপত্তার নিশ্চয়তা বিধানে আইন প্রয়োগকারী সংস্থার নির্লজ্জ ব্যর্থতার দৃষ্টান হিসেবে আখ্যায়িত করেছে টিআইবি।
লিমনের ওপর র্যাবের হামলা থেকে শুরু করে পুরো বিষয়ের ওপর বিচার বিভাগীয় তদন্ত করার দাবি জানিয়েছে টিআইবি। সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে লিমন ও তার পরিবারের পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং লিমন ও তার পরিবারের পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “এ ঘটনার মূল অপরাধ ও অপরাধীকে আশ্রয় দিতে গিয়ে নিষ্ঠুর নাটকীয়তার আশ্রয় নিয়ে যেভাবে লিমন ও তার পরিবারের নিরাপদে জীবন-যাপন ও ন্যায় বিচারের অধিকার হরণ করা হচ্ছে তা গণতান্ত্রিক মূল্যবোধ ও বিশেষ করে আইনের শাসনের সম্ভাবনার জন্য গভীরভাবে উদ্বেগজনক ও হুমকি স্বরূপ।”
র্যাব লিমনকে সন্ত্রাসীদের সহযোগী হিসেবে তুলে ধরলেও তাদের এই বক্তব্য প্রশ্নবিদ্ধ। মানবাধিকার সংগঠনগুলো লিমনের ঘটনা নিয়ে র্যাবের তীব্র সমালোচনা করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৭৫৬ ঘ.
bdnews24