সুমন মাহবুব
জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- “আমার জীবনে কয়েকটা না ভোলা ঘটনার মধ্যে একটি এটি। ২০০৪ সালের ২১ অগাস্ট। এখনো চোখ বন্ধ করলেই দেখতে পাই আইভী রহমানের সেই শূন্য দৃষ্টি, আদা চাচার নিথর দেহ, ছড়িয়ে-ছিটিয়ে থাকা লাশ, চাপ চাপ রক্ত আর মানুষের আর্ত চিৎকার।
আমি তখন ‘ভোরের কাগজ’-এর স্টাফ রিপোর্টার। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২০০৪ সালের সেদিন আমি বঙ্গবন্ধু এভিনিউয়েই ছিলাম। সেদিন আওয়ামী লীগের উদ্যোগে সন্ত্রাসবিরোধী শোভাযাত্রা হওয়ার কথা ছিলো। বঙ্গবন্ধু এভিনিউ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শেষ হবে ধানমণ্ডির রাসেল স্কয়ারে। সাংবাদিকরা বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে বঙ্গবন্ধু এভিনিউয়ে পৌঁছে গিয়েছিলেন।
আগে থেকেই বঙ্গবন্ধু এভিনিউয়ের মাঝখানে একটি ট্রাক এনে মঞ্চ তৈরি করা হয়েছে। শোভাযাত্রার আগে যথারীতি একটা সমাবেশ অনুষ্ঠিত হবে, একসময় তা শুরুও হলো। আমরা সাংবাদিকরা অপেক্ষায় ছিলাম শেখ হাসিনার বক্তব্যের জন্য। বিকাল ৫টার কিছুক্ষণ আগে তিনি এলেন। বক্তৃতা শুরু করলেন অল্প কিছুক্ষণের মধ্যেই ।
বঙ্গবন্ধু এভিনিউ তখন লোকে লোকারণ্য। আমরা সাংবাদিকরা রমনা ভবনের সিঁড়িতে বসে শেখ হাসিনার বক্তৃতার নোট নিচ্ছিলাম।
শেখ হাসিনা তার বক্তৃতা শেষ করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ কথাটা শেষ করতে পারলেন না, এর মধ্যেই শুরু হয়ে গেলো প্রলয়। কাছেই বসে থাকায় প্রথমেই পরপর দু’টি আওয়াজ পেলাম। কান ফাটানো শব্দ না। টিয়ার গ্যাসের শেল মারলে যেরকম ধুপ্-ধুপ্ শব্দ হয়, সেরকম শব্দ। কী হচ্ছে- দেখার জন্য দাঁড়াতেই শুনতে পেলাম বিকট শব্দ। তখনও কেউ জানি না যে গ্রেনেড হামলা হচ্ছে। এরপর আরেকটি বিকট শব্দের বিস্ফোরণ শুনতে পেলাম, তারপর আরেকটি। আমরা তখন থেকে বিষ্ফোরণের শব্দ গুণতে শুরু করি।
বিকট শব্দের মধ্যে কিছু গুলির আওয়াজও পেলাম। তবে ঘটনার ভয়াবহতা তখনও বুঝতে পারিনি। রমনা ভবনের সিঁড়িতে দাঁড়িয়েই দেখতে থাকলাম বঙ্গবন্ধু এভিনিউয়ে দাঁড়িয়ে ভাষণ শুনতে থাকা লোকজন দিক্বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌঁড়াচ্ছে। জনকণ্ঠের উত্তম চক্রবর্তী ও সংবাদের সালাম জুবায়েরকে বাইরে রেখেই এর মধ্যে কখন যেন রমনা ভবনের কলাপসিবল গেটটাও বন্ধ করে দেওয়া হলো।
আমরা সাংবাদিকরা পড়িমরি করে রমনা ভবনের দোতলায় চলে গেলাম। এর মধ্যেই আমি, ইউএনবি’র ফরিদ আহমেদ (সাজু) ও শেখ হাসিনার প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ দোতলা থেকে বের হওয়ার পথ খুঁজছি আর গুণে যাচ্ছি দশ, এগারো, বারো..। এভাবে তেরো পর্যন্ত গুণলাম। আর কোনো আওয়াজ নেই।
আমরা তিনজন নিচে নেমে আবার বঙ্গবন্ধু এভিনিউতে যেতেই যা দেখলাম তা লিখে বোঝানো যাবে না। শত শত জোড়া জুতো, স্যান্ডেল রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পড়ে রয়েছে মানুষের নিথর দেহ। রক্ত আর আহতদের আর্তনাদে এক ভয়াবহ পরিস্থিতি।
হঠাৎ মনে হলো শেখ হাসিনার গাড়িটি আশেপাশে নেই। এদিক সেদিক দেখতে থাকলাম। এমন সময় এগিয়ে এলেন শেখ হাসিনার ব্যক্তিগত ভিডিও ক্যামেরাম্যান জীবন। আমাদের দেখতে পেয়েই হাউমাউ করে কেঁদে ফেলে তিনি বললেন, “আপা নাই, আপারে নিয়া গেছে ..।” জীবন তার কথা শেষ করতে পারেননি। এর মধ্যেই পুলিশ টিয়ার গ্যাস মারতে শুরু করলো। আমরা দৌঁড়ে গোলাপ শাহ’র মাজারের কাছে চলে গেলাম।
দূর থেকে দেখতে পেলাম এরই মধ্যে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের সামনে জড়ো হওয়া লোকজন পুলিশকে ধাওয়া দিলো। আমরাও আবার বঙ্গবন্ধু এভিনিউর দিকে এগিয়ে গেলাম। এবার নিজেকে মানসিকভাবে তৈরিই করে নিলাম খারাপ কিছুর জন্য।
প্রথমেই দেখলাম শেখ হাসিনার বুলেট প্র“ফ গাড়িটি নেই। ট্রাকের ওপর কয়েকজন নেতা পড়ে রয়েছেন। আব্দুল জলিল উঠে বসতে দেখলাম। তার সাদা পাঞ্জাবি জুড়ে লাল লাল ছোপ। কয়েকজন মিলে তাকে ধরে ট্রাক থেকে নামিয়ে আওয়ামী লীগ অফিসে নিয়ে গেলো। এরপর ট্রাক থেকে নামানো হলো সুরঞ্জিত সেনগুপ্তকে । তার পুরো শরীর রক্তে লাল।
রমনা ভবনের সামনে দু’টি লাশ পড়ে রয়েছে। একজনের পা নেই। চারদিকে রক্ত। তার পাশেই আরেকটি মৃতদেহ পড়ে আছে। মনে হচ্ছে তার পুরো শরীর কেউ থেঁতলে দিয়েছে। একটু সামনেই রমনা ভবনের এক দোকানের সামনে দেখতে পেলাম আদা চাচার নিথর দেহ। স্থির দৃষ্টি। দেখে মনে হচ্ছে, দোকানের শাটারে হেলান দিয়ে পা ছড়িয়ে বসে আছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের কী অবস্থা দেখবো বলে ট্রাকের পাশে যেতেই যা দেখলাম, তাতে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। বীভৎস সে দৃশ্য। আইভী রহমান বসে আছেন। কিন্তু তার পা দু’খানি অদৃশ্য। মনে হলো আমাদের দিকে তাকিয়ে রয়েছেন। কিন্তু চোখের কোনো ভাষা নেই।
একটা ছেলে আইভী রহমানকে তুলতে চেষ্টা করছিল। কেউ তার দিকে এগিয়ে আসছে না দেখে ছেলেটা চিৎকার করে যাচ্ছে। সামনে আরো কয়েকজন মহিলার নি®প্রাণ দেহ। ওয়ার্ড কমিশনার শাহেদা তারেক দিপ্তী প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছেন। তারও পুরো শরীর রক্তে লাল।
আর আওয়ামী লীগ কার্যালয়ে যাওয়া হলো না। কারো ডাকে রমনা ভবনের পূর্ব দিকের গলির দিকে গেলাম। গিয়ে দেখি ছড়িয়ে ছিটিয়ে থাকা জুতো আর স্যান্ডেলের মধ্যে একটা গ্রেনেড পড়ে রয়েছে। তখনই বুঝলাম এতক্ষণ এই গ্রেনেড দিয়েই হামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/০৯৩৩ ঘ.
bdnews24