২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে ‘মাইনাসের’ ষড়যন্ত্র চলছে: নাসিম

পৃথিবী থেকে শেখ হাসিনাকে ‘মাইনাসের’ ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ নাসিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2012, 01:25 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৃথিবী থেকে শেখ হাসিনাকে ‘মাইনাসের’ ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ নাসিম। সাবেক এই স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, “শেখ হাসিনা শেষ হয়ে গেলে দেশ আবার একাত্তরের ঘাতকদের দখলে চলে যাবে। তাই যেকোনো মূল্যে শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে।” দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে শুক্রবার বিকালে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক সভায় নাসিম এসব কথা বলেন। ২০০৫ সালের ১৭ অগাস্ট দেশের ৬৩ জেলায় বোমা হামলার স্মরণে দিনটিকে জঙ্গী-সন্ত্রাসবাদ বিরোধী দিবস পালনের অংশ হিসেবে ঢাকা মহানগর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক দাবি করেন, তারেক রহমান ও আইএসআইয়ের অর্থায়নে এবং তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় চারদলীয় জোট দেশে জঙ্গিবাদ সৃষ্টি করেছিলো। খালেদা জিয়া সেদিন দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করেছিল। সন্ত্রাসের মাধ্যমে দেশে ভীতিকর অবস্থার সৃষ্টি করেছিল। নানক আরো বলেন, “মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে, দেশকে আফগানিস্থান বানাতে বিএনপি- জামায়াত জোট সরকার বাংলাভাই ও শায়খ আব্দুর রহমানদের সৃষ্টি করেছিল।” ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৯১৬ ঘ.