২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় হিযবুত তাওহিদের লিফলেটসহ গ্রেপ্তার ২

হিযবুত তাওহিদের লিফলেট ও বই বিতরণের অভিযোগে বুধবার গাইবান্ধা শহরে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 03:31 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

গাইবান্ধা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিযবুত তাওহিদের লিফলেট ও বই বিতরণের অভিযোগে বুধবার গাইবান্ধা শহরে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া মঙ্গলবার রাতে শহরের একটি কুরিয়ার সার্ভিস অফিস থেকে এক কার্টন জেহাদি বই উদ্ধার করা হয়। আটকরা হলেন মেহেরপুরের গাংনীর কড়ইগাছী গ্রামের রইস উদ্দিনের ছেলে এমরান আলী (২৪) এবং কুষ্টিয়া সদরের লাহিলী বটতলার আব্দুল আজিজের ছেলে আরজু আহম্মেদ (২২)। গাইবান্ধা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে রেল স্টেশন এলাকায় যাত্রীদের মধ্যে হিজবুত তাওহিদের লিফলেট ও বই বিতরণ করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এ দুই যুবক জেলার কয়েকটি রেল স্টেশনে যাত্রীদের মধ্যে বেশ কিছুদিন ধরে হিযবুত তাওহিদের লিফলেট, বই ও ক্যাসেট বিতরণ করে আসছিল। ওসি আরো বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদ পেয়ে শহরের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে ৩২ ধরনের ৯০টি জেহাদি বই উদ্ধার করা হয়। তিনি বলেন, ঢাকার মগবাজার থেকে বইগুলো পাঠানো হয়েছে। কিন্তু কার কাছে পাঠানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। প্রাপক ও প্রেরকের ঠিকানায় শুধু কোড নম্বর উল্লেখ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২১ ঘ.