ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর পলাতক খুনিরা কে কোথায় রয়েছে সরকার তার তথ্য পেয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, এই আসামিদের ফিরিয়ে এনে ‘যথাসময়ে’ দণ্ড কার্যকর করা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বনানী কবরস্থানে বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবদিকদের এ কথা বলেন।
আশরাফ বলেন, “বঙ্গবন্ধুর পলাতক খুনিরা কে কোথায় আছে আমরা জানতে পেরেছি। যথাসময়ে দণ্ডপ্রাপ্ত এ আসামিদের দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করা হবে।”
১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় স্বাধীনতা সংগ্রামের নায়ক ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবকে।
ওই রাতে বঙ্গবন্ধুর সঙ্গে প্রাণ হারাতে হয় বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব, তাদের ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরকেও। বনানী কবরস্থানে ১৮টি কবরে শায়িত আছেন বঙ্গবন্ধু পরিবারের এই সদস্যরা।
সকালে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শুদ্ধা নিবেদন শেষে মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বনানী কবরস্থানে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবারের সদস্যদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।
সৈয়দ আশরাফুল ইসলাম পরে সাংবাদিকদের বলেন, জাতীয় শোক দিবসকে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে। এর মাধ্যমে দেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার ভিত আরো শক্তিশালী করা হবে।
বঙ্গবন্ধু হত্যা মামলায় সর্বোচ্চ আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে পাঁচজনের ফাঁসি ২০১০ সালের জানুয়ারি মাসে কার্যকর করা হয়। এরা হলেন- সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, মুহিউদ্দিন আহমদ (আর্টিলারি), বজলুল হুদা ও একেএম মহিউদ্দিন (ল্যান্সার)।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি সাতজনের মধ্যে এম রাশেদ চৌধুরী, এস এইচ এম বি নূর চৌধুরী, আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, মোসলেমউদ্দিন ও আব্দুল মাজেদ বিদেশে পালিয়ে আছেন। তাদের গ্রেপ্তারে ইন্টারপোলের পরোয়ানা রয়েছে। আর দণ্ডিত আব্দুল আজিজ পাশা পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৪৩৯ ঘ.
bdnews24