নয়া দিল্লি, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।
শুক্রবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও এরশাদের বৈঠকের কথা রয়েছে। পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা প্রণব রাষ্ট্রপতি হওয়ার পর বাংলাদেশের রাজনীতিকদের মধ্যে এরশাদই প্রথম তার দেখা পাচ্ছেন।
প্রণব গত মাসে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। বাংলাদেশের রাজনৈতিক মহলে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কংগ্রেসের এই নেতার শ্বশুরবাড়ি বাংলাদেশের নড়াইলে।
সোমবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এরশাদ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঢাকার সঙ্গে সম্পর্ককে যে নয়া দিল্লি অনেক গুরুত্ব দেয়, বৈঠকে তাই বলেছেন মনমোহন সিং।
প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় করতে চায় ভারত, মনমোহন সিং বলেছেন বাংলাদেশের ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রধান এরশাদকে।
বৈঠকে এরশাদ তিস্তার পানি বণ্টন চুক্তি করার তাগিদ দেন। বিতর্কিত টিপাইমুখ বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দুই দেশের সমঝোতার ওপরও জোর দেন তিনি। ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি কার্যকরের আহ্বানও জানান তিনি।
এই সফরে আজমীর শরিফও জিয়ারত করবেন এরশাদ। ছয় দিনের সফর শেষে ১৮ অগাস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৫৭ ঘ.
bdnews24