২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি নির্বাচন স্থগিতের আদেশের বিরুদ্ধে আপিল

ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচন নিয়ে হাই কোর্টের আদেশ স্থগিতের আবেদন করেছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 10:39 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচন নিয়ে হাই কোর্টের আদেশ স্থগিতের আবেদন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকী রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে আপিলের আবেদন করেন। নির্বাচন স্থগিতের যে আদেশ হাইকোর্ট দিয়েছে, তাও স্থগিত করার আবেদন করেছে কমিশন। সংক্ষিপ্ত শুনানি করে চেম্বার বিচারপতি আবেদনটি পূর্নাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন এবং আগামী ১১ অক্টোবর শুনানির দিন রাখেন। আদালতে নির্বাচনের কমিশনের পক্ষে আরো ছিলেন অ্যাডভোকেট নাজনীন নাহার। হাই কোর্টের মূল রিটের আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। গত এপ্রিলে ঢাকার দুই সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনের তফসিল ঘোষণার এক সপ্তাহের মাথায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনের কয়েকটি ধারা বাস্তবায়ন না করা পর্যন্ত ডিসিসি নির্বাচন স্থগিত করার জন্য একটি রিট আবেদন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। ওই আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত ১৬ এপ্রিল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এক আদেশে ‘যথাসম্ভব দ্রুত’ ঢাকার ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ করতে বলে। একইসঙ্গে নির্বাচনের তিন মাস আগ পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করতে বলা হয়। আইন অনুযায়ী,সব কাজ শেষ করে দ্রুত নির্বাচন করতে বলে আদালত। এছাড়া সীমানা নির্ধারণসহ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনের সংশ্লিষ্ট ধারাগুলো বাস্তবায়ন করে তারপর নির্বাচন অনুষ্ঠানে ইসিকে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, নির্বাচন কমিশন সচিব, ঢাকার জেলা নির্বাচনী কর্মকর্তা, দুই রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসককে ওই রুলের বিবাদী করা হয়। পরে গত ২৩ জুলাই নির্বাচন স্থগিতের আদেশের মেয়াদ আরো তিন মাস বাড়ায় হাই কোর্ট। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ এর ২৭ ধারায় বলা হয়েছে, নতুন কোনো সিটি কর্পোরেশন হলে সীমানা নির্ধারণকারী কর্মকর্তাকে সুনির্দিষ্ট ওয়ার্ডের বিষয়ে সুপারিশ করতে হবে এবং কর্পোরেশনকে বিভিন্ন ওয়ার্ডে বিভক্ত করতে হবে। এই ওয়ার্ডের সংখ্যা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশ করতে হবে। ওই আইনের ২৮ ধারায় বলা হয়েছে, গেজেট নোটিফিকেশনের মাধ্যমে সীমানা নির্ধারণকারী কর্মকর্তা নিয়োগ করতে হবে। সীমানা নির্ধারণের জন্য কর্মকর্তা নিয়োগ করে গেজেট প্রকাশ করতে হবে। রিট আবেদনে বলা হয়, ঢাকাকে বিভক্ত করে দক্ষিণ ও উত্তরে দুটি সিটি কর্পোরেশন করায় এখন স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনের ২৭ ও ২৮ ধারা বাস্তবায়ন না করে নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নেই। এছাড়া নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়ে আইনের ৩, ৫, ২৯ ও ৩০ ধারাও লঙ্ঘিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৬৩৭ ঘ.