২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর কাসেমের অপরাধের তদন্ত শেষ করার নির্দেশ

জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর যুদ্ধাপরাধের তদন্ত আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 06:35 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর যুদ্ধাপরাধের তদন্ত আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ রোববার এই আদেশ দেয়। ট্রাইব্যুনালের প্রসিকিউশন এদিন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেমের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছে। প্রসিকিউটর সুলতান মাহমুদ সকালে এই প্রতিবেদন জমা দিয়ে বলেন, তদন্ত পুরোপুরি শেষ করতে আরো সময় প্রয়োজন। এ পর্যায়ে বিচারক ২৭ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন। তবে তা সম্ভব না হলে ওইদিন আবারো তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয় প্রসিকিউশনকে। জামায়াতে ইসলামীর অন্যতম প্রধান অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত মীর কাসেমকে গত ১৭ জুন মতিঝিল থেকে গ্রেপ্তার করে পুলিশ। ট্রাইব্যুনালে হাজির করা হলে বিচারক জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠান। ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মীর কাসেম রাবেতা আল ইসলামী নামে একটি এনজিওর সাবেক আবাসিক প্রতিনিধি এবং জামায়াত সমর্থক বলে পরিচিত দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান। দৈনিক নয়া দিগন্ত এবং টেলিভিশন চ্যানেল দিগন্ত টেলিভিশন ওই প্রতিষ্ঠানেরই সহযোগী সংস্থা। মীর কাসেমের বিরুদ্ধে অভিযোগ, তার হুকুমেই একাত্তরে চট্টগ্রামে বহু লোককে রাজাকার ক্যাম্পে নিয়ে হত্যা ও নির্যাতন করা হয়। একাত্তরে আলবদর বাহিনী গঠন করে তিনি ওই বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের প্রধান হন। এই বাহিনী চট্টগ্রামের মহামায়া ভবনকে ডালিম হোটেলে রূপান্তর করে নির্যাতন ক্যাম্প স্থাপন করে। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মীর কাসেম আলীর নির্দেশনায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাটসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ চালানো হয় বলেও অভিযোগ এনেছে প্রসিকিউশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১২২২ ঘ.