২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাধা পেয়ে দলীয় কার্যালয়ে ‘ইফতার’ গয়েশ্বরের

১৪৪ ধারা জারি থাকায় নির্ধারিত স্থানে ইফতার করতে না পেরে কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের উপস্থিতিতে ইফতার অনুষ্ঠান হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2012, 04:46 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৪৪ ধারা জারি থাকায় নির্ধারিত স্থানে ইফতার করতে না পেরে কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের উপস্থিতিতে ইফতার অনুষ্ঠান হয়েছে। জিনজিরা ঈদগাহ মাঠে ইফতার অনুষ্ঠান আয়োজনে পুলিশ বাধা দিচ্ছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেন গয়েশ্বর। কিন্তু পুলিশ বলছে, একই স্থানে বিএনপির দুই পক্ষ ইফতার পার্টির আয়োজন করায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। উপজেলার নির্বাহী কর্মকর্তা বাবুল মিয়া জানান, জিনজিরা ঈদগাহ মাঠে ইফতারের জন্য কেরানীগঞ্জ থানা বিএপির আহ্বায়ক মো. নাজিম উদ্দিন অনুমতি নিলেও সেখানে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামন রিপনও ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন। “বিএনপির দুই পক্ষ একই স্থানে ইফতার মাহফিল আয়োজন করায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা থেকে সেখানে শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।” এ দিন ঈদগাহ মাঠে ইফতার করতে না পেরে জিনজিরায় বিএনপির কার্যালয়ে ওই ইফতার পার্টির আয়োজন করে বিএনপির কেরানীগঞ্জ শাখা। ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করায় ক্ষোভ প্রকাশ করেছেন গয়েশ্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঈদগাহ মাঠে ছাত্রদলের পক্ষ থেকে কোনো ইফতার মাহফিলের আয়োজন করা হয়নি। এমনকি কেরানীগঞ্জ থানা ছাত্রদলের আসাদুজ্জামান রিপন নামে কোনো নেতা বা কর্মী নেই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/এসইউ/১০৪০ ঘ.