ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া শুক্রবার মক্কায় ওমরাহ পালন করেছেন ।
বাদ আসর তিনি ওমরাহ পালন করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার প্রেস সচিব মারুফ কামাল খান।
প্রেস সচিব বলেন, “ম্যাডাম মসজিদুল হারামে জুমার নামাজ আদায় করে বাদ আসর পবিত্র ওমরাহ পালন করেছেন। কাবা শরীফ তাওয়াফের পর তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে মোনাজাত করেন।’’
বিরোধী দলীয় নেতার সঙ্গে তার ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান, বিরোধী দলীয় নেতার ছোট ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমাসহ পরিবারের সদস্যরাও ওমরাহ পালন করেন।
মারুফ কামাল খান জানান, খালেদা জিয়া মসজিদুল হারামে ইফতার এবং মাগরিবের নামাজ আদায় করেন। তিনি মসজিদুল হারামে এশা ও তারাবীর নামাজ পড়বেন।
এরপর রাতেই বিরোধী দলীয় নেতা তার সফরসঙ্গীদের নিয়ে সড়কপথে মক্কা থেকে তায়েফ নগরীতে রয়্যাল কনফারেন্স প্যালেসে ফিরে যাবেন। এই প্যালেসে তিনি রাজকীয় মেহমান হিসেবে অবস্থান করছেন।
গত বুধবার রাতে বিরোধী দলীয় নেতা অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে রওয়ানা হন।
প্রেস সচিব আরও জানান, খালেদার কর্মসূচির মধ্যে আছে- মদিনায় হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করা। সেখানে মসজিদে নব্বীতে রমজানের শেষ কয়েকটি দিন বিশেষ ইবাদতে বসবেন তিনি।
২৭ রমজান শবে কদর পালন শেষে খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানান তার প্রেস সচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২০০ ঘ.
bdnews24