ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জাতীয় নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার না করার বিষয়ে নির্বাচন কমিশনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিরোধী দল বিএনপি।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সাংবাদিকদের বলেন, “প্রথম থেকেই ইভিএমের বিরোধিতা করে আমরা বলে আসছি, এই মেশিনে কোনোভাবেই জনগণের রায়ের সঠিক প্রতিফলন ঘটবে না। তাই নির্বাচন কমিশনের ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্তটি সঠিক হয়েছে বলে আমরা মনে করি।”
তবে নির্বাচন কমিশন দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের যে ‘পরিকল্পনা’ করেছে, জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে ছয় মাস ধরে অনিশ্চয়তা চলার পর প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ (সিইসি) রোববার সাংবাদিকদের বলেন, জাতীয় পর্যায়ে ইভিএম ব্যবহারের জন্য কমিশন প্রস্তুত নয়। আগের মতোই স্থানীয় সরকার নির্বাচনে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করা হবে।
নির্বাচন কমিশনার আব্দুল মোবারক সাংবাদিকদের বলেন, সংবিধানের নিয়ম মেনেই আগামী জাতীয় নির্বাচন হবে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগের তিন মাসে নতুন জাতীয় নির্বাচন হবে। আর এ নির্বাচন হবে ক্ষমতাসীন সরকারের অধীনেই।
এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, “দলীয় সরকারের অধীনে নির্বাচনে জন্য ইসি রোড ম্যাপ করে থাকলে তারা ভুল করবে। কারণ এদেশে নির্দলীয় সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে নির্বাচন জনগণ মেনে নেবে না।”
“আমরা বলে দিতে চাই, দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না”, বলেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান ফখরুল।
ড্যাবের সভাপতি অধ্যাপক একে এম আজিজুল হক ও মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী মাজহারুল ইসলামসহ নেতা-কর্মীরা এ সময় ফখরুলের সঙ্গে ছিলেন।
এর পরপরই নেত্রকোনা জেলা বিএনপির নতুন নির্বাচিত কমিটির সভাপতি আশরাফউদ্দিন খান ও সাধারণ সম্পাদক আবু তাহেরসহ নেতা-কর্মীদের নিয়ে ফখরুল আবারো জিয়ার কবরে ফুল দেন।
ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ নেতারা ফুল দিয়ে কবর প্রাঙ্গণ ত্যাগ করার ২০ মিনিট পর কবরের বাইরে সেতুর কাছে তেঁজগাও কলেজ ও ধানমন্ডি থানা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় কয়েকজন আহত হন।
নির্দলীয় সরকারের প্রস্তাব
নির্দলীয় সরকারের প্রস্তাব সংসদে সরকারি দলকে আনতে হবে মন্তব্য করে বিএনপির মুখপাত্র ফখরুল বলেন, বিরোধী দলের এ প্রস্তাব আনার কোনো সুযোগ নেই।
“নির্দলীয় সরকারের গণদাবি মেনে নিলেই এর গঠন-কাঠামো নিয়ে সরকারের সঙ্গে সংলাপ হতে পারে”, যোগ করেন তিনি।
ঈদের পর নির্দলীয় সরকারের দাবিতে চলমান আন্দোলন ‘তীব্র থেকে তীব্রতর’ করা হবে বলে মন্তব্য করেন ফখরুল। কি ধরণের কর্মসূচি থাকবে- জানতে চাইলে তিনি বলেন, “সময় এলেই তা দেখতে পারবেন।”
গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে
গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশ আইন পরিবর্তন করা উচিত নয় মন্তব্য করে ফখরুল ইসলাম বলেন, “এটি একটি আন্তর্জাতিক স্বীকৃত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি একমাত্র প্রতিষ্ঠান যাকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে গরীব মানুষের বিশেষ করে নারীদের উন্নয়ন করার স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৪৪২ ঘ.
bdnews24