২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়া পেলে সংলাপ: হানিফ

নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবে ইতিবাচক সাড়া পেলে বিরোধীদলের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 11:51 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনকালীন সরকারের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবে ইতিবাচক সাড়া পেলে বিরোধীদলের সঙ্গে আওয়ামী লীগ সংলাপ করতে রাজি আছে বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। হানিফ বলেন, “আশা করছি প্রধানমন্ত্রী বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারের মধ্য দিয়ে যে প্রস্তাব দিয়েছেন, সে ব্যাপারে তারা ইতিবাচক সাড়া দেবে।” তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে দুই প্রধান দলের বিপরীত অবস্থানের মধ্যে লন্ডনে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারে বিএনপিকে যোগ দেওয়ার প্রস্তাব দেন। তবে প্রধানমন্ত্রীর এই আহ্বানের প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠানের দাবিতে অনড় অবস্থান ব্যক্ত করেন। এ বিষয়ে হানিফ বলেন, “প্রস্তাব প্রত্যাখান করায় আমি এখনো হতাশ নই। আমরা রাজনীতিবিদরা অনেক সময় অনেক সিদ্ধান্ত নেই। আবার সেই সিদ্ধান্ত বাস্তবতা বুঝে পরিবর্তন করি। রাজনীতিতে শেষ বলে কিছু নেই।” তবে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার বিষয়ে বিরোধীদলের অবস্থান দৃঢ় হলে আলোচনার ব্যাপারে সরকারি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার সুযোগ কম থাকে বলে মন্তব্য করেন তিনি। হানিফ বলেন,র্ র্“অন্তবতীকালীন সরকার নিয়ে বিরোধীদল কোন ইতিবাচক কথা বললেই, ক্ষমতাসীন দল তাদের আলোচনায় বসার আহ্বান জানাতে পারে।” আগামী নির্বাচনের রূপরেখা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগামী নির্বাচনের রূপরেখা কী হবে তা নির্ধারনের জন্যই তো বিরোধী দলকে সংসদে এসে প্রস্তাব দেওয়ার কথা বলা হচ্ছে। আমরা চাই তারা সংসদে এর্সের্ অন্তবতীকালীন সরকার ব্যবস্থা কী হবে- তা নিয়ে প্রস্তাব দিক।” অনির্বাচিত সরকার যাতে ক্ষমতায় আসতে না পারে- সে জন্য তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে বলে উল্লেখ করেন মাহবুব-উল-আলম হানিফ। প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী বলেন, সংবিধান সংশোধন করার সময় বিরোধীদলকে একধিকবার আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তারা সাড়া না দিয়ে আন্দোলন করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চেয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কিত এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, “এ বিচার খুবই জটিল কাজ। ৪০ বছর আগের ঘটনা সাক্ষীসহ নানা জটিলতা রয়েছে। তারপর ও বিচার কাজ এগিয়ে চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে আটককৃতদের বিচার সম্পন্ন করা হবে।” মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে হানিফ বলেন, “নোবেল পেয়েছেন বলে তিনি আইনের ঊর্ধ্বে নন। সরকার গ্রামীন ব্যাংক ধ্বংস করার জন্য নয়, জনগণকে গ্রামীন ব্যাংকের অবস্থান জানানোর জন্যই পদক্ষেপ নিয়েছে। সম্পদের হিসাব জানার অধিকার সবার আছে।” ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৭৩৯ ঘ.