২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রমাণ হল পদ্মা প্রকল্পে দুর্নীতি হয়েছে: বিএনপি

“কেবল সৈয়দ আবুল হোসেনই নয়, আরো অনেকে জড়িত। অপেক্ষা করুন, আরো অনেক কিছু বেরিয়ে আসবে,” বলেছেন মির্জা ফখরুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 01:48 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি বলেছে, পদ্মা সেতু প্রকল্পে যে দুর্নীতি হয়েছে সৈয়দ আবুল হোসেনের পদত্যাগ তারই প্রমাণ। সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের পদত্যাগের খবর প্রকাশ হওয়ার পর বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেন। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবুল হোসেন সোমবার মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে। সূত্র বলছে, পদ্মা প্রকল্পের বিশ্ব ব্যাংক কথিত দুর্নীতি তদন্তের স্বার্থে আবুল হোসেন দায়িত্ব ছেড়েছেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, “তার (আবুল হোসেন) এই পদত্যাগ প্রমাণ করে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হয়েছে। “এ থেকে বোঝা যায়, সরকার পানি ঘোলা করে খাচ্ছে। পদ্মা সেতুর দুর্নীতির সঙ্গে কেবল সৈয়দ আবুল হোসেনই নয়, আরো অনেকে জড়িত। অপেক্ষা করুন, আরো অনেক কিছু বেরিয়ে আসবে।” ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ গত সেপ্টেম্বরে তোলে বিশ্ব ব্যাংক। তবে শুরু থেকেই দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছেন তখনকার যোগাযোগমন্ত্রী আবুল হোসেন। এরপর ডিসেম্বরে আবুল হোসেনকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরানো হয়। এরপর গত ২৯ জুন পদ্মা প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে বিশ্ব ব্যাংক। ফখরুল বলেন, “অভিযোগ ওঠার পরপরই তিনি পদত্যাগ করলে বিশ্ব ব্যাংকের ঋণচুক্তি বাতিল হত না।” সংসদ ভবনে রাজনীতিবিদদের সম্মানে বিরোধীদলীয় নেতার ইফতার মাহফিলে ফখরুল সাংবাদিকদের আরো বলেন, পদ্মা প্রকল্পে দুর্নীতির বিষয়টি নিরপেক্ষভাবে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। দুর্নীতিতে জড়িতদের চিহ্নিত করে বিচার করতে হবে। “বর্তমান সরকার এই তদন্ত না করলে আগামীকে বিএনপি ক্ষমতায় এসে এর তদন্ত করবে,” ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯৪৪ ঘ.