ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর একটি হাসপাতালে হামলা ও ভাঙচুরের মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল জামিন পেয়েছেন।
তবে আরো একটি মামলা থাকায় এখনি মুক্তি পাচ্ছেন না তিনি।
সোমবার ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক ওই মামলায় হেলালের পাশাপাশি যুবদল নেতা এস এম জাহাঙ্গীর হোসেন সরদারকেও জামিন দেন।
জাহাঙ্গীর যুবদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি।
আসামি পক্ষের আইনজীবী নিহার হোসেন ফারুক জানান, মামলার বাদী উত্তরার আইসিই হাসপাতালের নিরাপত্তা কর্মকর্তা আয়ূব হোসেনের হলফনামার পরিপ্রেক্ষিতে ১০ হাজার টাকা মুচলেকায় আসামিদের জামিন দেওয়া হয়েছে।
হলফনামায় উল্লেখ রয়েছে- হেলাল ও জাহাঙ্গীর ওই ঘটনায় জড়িত ছিল না। তাই জামিন পেলে এতে বাদীর কোনো আপত্তি নেই।
এর আগে গত ১৯ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা থানার উপ-পরিদর্শক (এসআই) জহির ইকবাল হেলাল ও জাহাঙ্গীরকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজত চেয়েছিলেন।
আইনজীবী ফারুক বলেন, “জাহাঙ্গীরের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় আজই তিনি মুক্তি পেতে পারেন। তবে মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না হেলাল।”
গত ২৫ এপ্রিল আইসিই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজ মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর পর ৩০ থেকে ৩৫ জন হাসপাতালে হামলা করে ভাঙচুরসহ হাসপাতালের অন্য কর্মীদের মারধর করে। এ ঘটনায় ওই হাসপাতালের নিরাপত্তা কর্মকর্তা আয়ূব হোসেন সেদিনই উত্তরা থানায় একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/এএল/১৮০২ ঘ.
bdnews24