ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের মদদে কারসাজি করে রমজানে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রমজানের প্রথম দিন শনিবার তিনি সাংবাদিকদের বলেছেন, “রোজার আগে থেকে প্রতিটি দ্রব্যের বেড়ে চলেছে। সরকার ও ক্ষমতাসীন দলের একটি সিন্ডিকেট যোগসাজশ করে এভাবে মূল্য বাড়িয়ে দুর্নীতির রাজত্ব কায়েম করেছে।”
“দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্যোগও নেই। এই ব্যর্থতার কথা বললে তারা বিরোধী দলের ওপর দোষ চাপায়,” বলেন ফখরুল।
ধানমণ্ডিতে সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর বাড়িতে বিএনপি নেতা সাংবাদিকদের এই কথা বলেন। অসুস্থ প্রবীণ সাংবাদিককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন তিনি।
পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়নের পক্ষে মত জানিয়ে ফখরুল বলেন, “দুর্নীতিকে আড়াল করতে সরকার প্রধান ও মন্ত্রীরা নানা রকম কথা বলছেন। কোথায় দুর্নীতি হয়েছে- বিশ্ব ব্যাংক স্পষ্টভাবে তা বলে দেওয়ার পরও সরকার জনগণকে বিভ্রান্ত করতে এরকম কৌশল নিয়েছে।”
“এসব পরিহার করে পদ্মা সেতুর দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এরপর বিশ্ব ব্যাংকের অর্থায়নের জন্য আলোচনায় বসুন,” সরকারকে উদ্দেশ্য করে বলেন তিনি।
জন্মদিন উপলক্ষে গিয়াস কামালের বাড়িতেই একটি আলোচনা অনুষ্ঠান আয়োজন করে স্বাধীনতা ফোরাম। এতে বক্তব্যে ফখরুল বলেন, “গিয়াস ভাই ‘জীবন্ত কিংবদন্তি। ঔপনিবেশিক শাসন, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সাহসের সঙ্গে কথা বলেছেন তিনি।”
বর্তমানে নির্বাক এই প্রবীণ সাংবাদিকের সুস্থতা কামনা করেন বিএনপির মুখপাত্র।
৭৩তম জন্মদিনে গিয়াস কামালকে শুভেচ্ছা জানান সাংবাদিক-রাজনীতিবিদ-পেশাজীবী অনেকে। অসুস্থ গিয়াস কামাল হুইল চেয়ারে বসে ছিলেন। তার সামনে ফুল রেখে সবাই শ্রদ্ধা জানান।
গিয়াস কামাল চৌধুরীর জন্ম ১৯৩৯ সালের ২১ জুলাই ফেনীতে। তিনি ১৯৬৪ সালে সাংবাদিকতা শুরু করেন। তিনি দীর্ঘদিন ভয়েস অব আমেরিকা ও বাংলাদেশ সংবাদ সংস্থায় কাজ করেছেন।
একুশে পদক পাওয়া গিয়াস কামাল ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি।
গিয়াস কামালের জন্মদিনের অনুষ্ঠানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।
গিয়াস কামাল চৌধুরীর ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিকুল মুনীর চৌধুরীও অনুষ্ঠানে ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি আবদুল হাই শিকদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪২৭ ঘ.
bdnews24