ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরবর্তী নির্বাচন দলীয় সরকারের অধীনে হলে তা প্রতিহত করার হুশিয়ারি দিয়েছে বিরোধী দল বিএনপি।
শুক্রবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের জামানত থাকবে না। এটা জেনে এখন প্রধানমন্ত্রী বলছেন, আগামী নির্বাচন দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে।”
“আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দলীয় সরকারের অধীনে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। সরকার এ রকম নির্বাচন করতে চাইলে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটানো হবে”, যোগ করেন তিনি।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র চত্বরে কৃষক লীগের অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালে বিএনপির দাবি প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “পৃথিবীর বিভিন্ন দেশে, যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, সংসদীয় গণতন্ত্র যেখানে আছে, সেখানে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর উত্তর যুব দলের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীরসহ আটক নেতাদের মুক্তির দাবিতে যুবদল উত্তর এই বিক্ষোভ সমাবেশ হয়।
আগামী নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন, “আমাদের দাবি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এজন্য দেশনেত্রী খালেদা জিয়া সবাই ঐক্যবদ্ধ হতে বলেছেন। এর মাধ্যমে দাবি বাস্তবায়নে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।”
সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, “এই সরকারের দুর্নীতির শেষ নেই। পুঁজিবাজার ও কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপনের নামে তারা হাজার হাজার কোটি টাকা লুট করেছে। সর্বশেষ পদ্মা সেতুতেও তারা দুর্নীতি করেছে।’’
সরকার নিজস্ব অর্থায়নে সেতু করার কথা বলে চাঁদাবাজি শুরু করেছে বলে অভিযোগ করেন ফখরুল।
“রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাঁদার ভাগ-বাটোয়ারার সময় ছাত্রলীগের একজনকে প্রাণ দিতে হয়েছে। এই হত্যার দায় সরকারকেই নিতে হবে।”
সরকারের দমন নীতির সমালোচনা করে ফখরুল বলেন, “একদিকে ক্ষমতাসীন দলের সাড়ে ৭ হাজার মামলা তুলে নেওয়া হয়েছে। মন্ত্রিসভার যেসব সদস্যের বিরুদ্ধে মামলা ছিল, সেগুলোও প্রত্যাহার হয়ে গেছে। অথচ বিরোধী দলের কোনো মামলা প্রত্যাহার হয়নি। উল্টো একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।”
মহানগর উত্তরের সভাপতি মামুন হাসানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেয়াজ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/২০০২ ঘ.
bdnews24