২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষ তদন্তে কমিটি গঠন রাবি সিন্ডিকেটের

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্রের প্রাণহানির ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 03:03 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

রাজশাহী, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্রের প্রাণহানির ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। গঠিত কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক মোহাম্মদ নূরুল্লাহ। সরকার সমর্থক ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ২৪ ঘণ্টার মধ্যে সোমবার সন্ধ্যায় সিন্ডিকেটের জরুরি বৈঠক ডাকেন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। বৈঠক শেষে অধ্যাপক নূরুল্লাহ সাংবাদিকদের বলেন, এক ছাত্রের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে সিন্ডিকেট। “ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রতিবেদন দিতে ১৫ দিন সময় দেওয়া হয়েছে,” বলেন তিনি। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক গোলাম কবিরকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অধ্যাপক বিশ্বজিত চন্দ্র, অধ্যাপক জাফর সাদিক, ড. রুস্তম আলী ও মুন্সী মনজুরুল হক। রোববার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের দুটি হলের ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হন সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাসান (সোহেল রানা)। সোমবার ঢাকায় তার মৃত্যু হয়। গত মাসে বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর থেকে নেতৃত্বে দ্বন্দ্ব চললেও পদ্মা সেতু নির্মাণে অর্থ সংগ্রহ নিয়ে রোববারের সংঘর্ষের সূত্রপাত হয় বলে সরকার সমর্থক সংগঠনটির কয়েকজন নেতার কথায় স্পষ্ট হয়েছে। রাজশাহীর মতিহার থানার ওসি আনিসুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর মাদার বখশ ও সোহরাওয়ার্দী হলে রাত আড়াইটা থেকে ভোর পর্যন্ত তল্লাশি চলে। তবে হল থেকে কোনো অস্ত্র উদ্ধার বা কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান ওসি। ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আট নেতাকর্মীকে বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করা হয়েছে। তবে কেন্দ্র থেকে এখনও কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি বলে জানা তিনি। এই আট জন হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিন, সহ সভাপতি আখেরুজ্জামান তাকিম, তাজমহল হিরো, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনজির লিটন, উপ দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক, উপ পাঠাগার সম্পাদক নাজিম আহমেদ সেতু, তানিম আহমেদ ও কৌশিক হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১০০ ঘ.