২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক পেটানোয় ইবির ২ ছাত্রলীগকর্মী বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের ওপর হামলায় জড়িত ছাত্রলীগের দুই কর্মীকে সংগঠনের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 12:38 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ইসলামী বিশ্ববিদ্যালয়, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের ওপর হামলায় জড়িত ছাত্রলীগের দুই কর্মীকে সংগঠনের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- আইন ও মুসলিম বিধান বিভাগের ছাত্র মেহেদী হাসান ও তরিকুল ইসলাম। রোববার ওই দুই ছাত্রকে বহিষ্কারের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন। বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সদস্য অধ্যাপক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দুই ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানাতে সোমবার দুজনকেই নোটিস দেওয়া হবে। একটি সংবাদ প্রকাশের জের ধরে গত শনিবার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ও দৈনিক যায়যায়দিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আয়াজ আযাদের ওপর হামলা হয়। এতে মেহেদি ও তরিকুল জড়িত বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। বহিষ্কারের আগে ইবির সাংবাদিকরা মেহেদী ও তরিকুলের শাস্তি চেয়ে মিছিল করে। উপাচার্যের সঙ্গে দেখা করেও নিজেদের দাবি জানায় তারা। উপাচার্য অধ্যাপক আলাউদ্দিন বলেন, “সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার বিশৃঙ্খলা ঘটালে তা সহ্য করা হবে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৮৩৩ ঘ.