বাগেরহাট, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ভুইয়া নূর-এ-আলম তানুকে হত্যাচেষ্টার মামলায় জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খাদেম নিয়ামুল নাসির আলাপকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আলাপ রোববার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন চাইলে খুলনার বিচারিক হাকিম হাকিম মো. আব্দুল আহাদ সে আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তানুকে লক্ষ্য করে খুলনায় গুলি চালানো হয়েছিল বলে মামলাটি হয় খুলনায়।
বিএনপি নেতা জাহিদুর রহমান জানান, গত ৩০ মে খুলনা শহরের আহসান আহমেদ সড়কের একটি মিষ্টির দোকানে তানুকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল। ওই ঘটনায় খুলনা থানায় তানুর দায়ের করা মামলায় আলাপ অন্যতম আসামি।
আলাপ এই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। তার মেয়াদ শেষে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী রোববার তিনি বিচারিক আদালতে হাজির হয়েছিলেন বলে জাহিদুর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০৭ ঘ.
bdnews24