২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংক বাড়াবাড়ি করেছে: কাদের সিদ্দিকী

দুর্নীতির অজুহাত তুলে পদ্মা সেতু প্রকল্পে ঋণ বাতিল করে বিশ্ব ব্যাংক বাড়াবাড়ি করেছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 04:26 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অজুহাত তুলে পদ্মা সেতু প্রকল্পে ঋণ বাতিল করে বিশ্ব ব্যাংক বাড়াবাড়ি করেছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। শনিবার দলের সহযোগী সংগঠন ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর কমিটির পরিচিতি সভায় তিনি এ কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, “সত্যিকার অর্থেই বিশ্ব ব্যাংক পদ্মা সেতু নিয়ে অনেক বাড়াবাড়ি করেছে। এখনো অনেক রঙ দেখাচ্ছে। আমরা চাইলে আমরাও রঙ দেখাতে পারি। কিন্তু বিশ্ব ব্যাংকের বিচার করার এখতিয়ার তো আমাদের নেই।” বিশ্ব ব্যাংকের ঋণ চুক্তি বাতিলের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার যে ঘোষণা দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন প্রায়ই সরকারের সমালোচনায় মুখর কাদের সিদ্দিকী। দুর্নীতির অভিযোগে স¤প্রতি পদ্মা সেতুতে অর্থায়ন বাতিল করেছে বিশ্ব ব্যাংক। ২৯০ কোটি ডলারের প্রকল্পে তারা ১২০ কোটি ডলার দেওয়ার জন্য চুক্তি করেছিল। ঋণ চুক্তি বাতিলের পর প্রধানমন্ত্রী গত ৪ জুলাই জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের রূপরেখা তুলে ধরেন। এ সময় সভরেন বন্ড থেকে ৭৫ কোটি ডলার সংগ্রহের ঘোষণা দেন তিনি। কাদের সিদ্দিকী বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, নিজেদের টাকায় পদ্মা সেতু করবেন। এর মধ্যে আমি অবাস্তবতা খুঁজে পাই না। যে জাতি ৩০ লাখ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন করেছে সেই জাতি পদ্মা সেতুও নিজেদের টাকায় করতে পারে।” এ সময় নিজস্ব অর্থায়নে এ ধরনের প্রকল্প বাস্তবায়নের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, “চীন অনেক দূর এগিয়েছে। তাদের এত টাকা হয়েছে যে, তারা আমেরিকাকে কিনতে পারে। আগামী ২০ থেকে ২৫ বছর পর আমেরিকাকে ভিক্ষার থালা নিয়ে চীনের কাছে আসতে হবে। কিছু করতে হলে আমাদেরও নিজেদের পায়ে দাঁড়াতে হবে।” এ সময় ক্ষমতাসীন মহাজোট সরকারের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, “দেশের অবস্থা খুবই খারাপ। আমি আমার জীবনে এই সরকারের মতো অন্য কোনো সরকারের প্রতি মানুষের এতো অনাস্থা দেখিনি। রাস্তাঘাটে সরকারের পক্ষে এক জন কথা বললে বিরুদ্ধে বলে ১০ জন। এরা সবাই বিএনপি-জামায়াতের লোক না।” ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর কমিটির নবনির্বাচিত সভাপতি কাওসার জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে কাদের সিদ্দিকী ৫২ সদস্যের নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন। গত ৮ জুন এই কমিটি গঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/এএল/২২২৪ ঘ.