২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্য বাড়ছে ডিজিটাল স্টাইলে: মওদুদ

রোজা শুরুর আগেই ‘সরকারের মদদপুষ্ট’ ব্যবসায়ী সিন্ডিকেট ‘ডিজিটাল স্টাইলে’ দ্রব্যমূল্য বৃদ্ধি করছে বলে অভিযোগ করেছে বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2012, 08:44 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোজা শুরুর আগেই ‘সরকারের মদদপুষ্ট’ ব্যবসায়ী সিন্ডিকেট ‘ডিজিটাল স্টাইলে’ দ্রব্যমূল্য বৃদ্ধি করছে বলে অভিযোগ করেছে বিরোধী দল বিএনপি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, “রমজান মাস শুরুর আগেই সরকারের মদদপুষ্ট ব্যবসায়ী সিন্ডিকেট নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে বিশাল অংকের মুনাফা অর্জন করে চলেছে। গত সাড়ে তিন বছরে এভাবে ডিজিটাল স্টাইলে দ্রব্যমূল্য বৃদ্ধি করায় তা মানুষের নাগালের বাইরে চলে গেছে। অথচ সরকার এ ব্যাপারে নিষ্ক্রিয়।” এই সংসদ সদস্য অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের নেতারা দেশের মানুষের কল্যাণের জন্য কোনো কাজ করছে না। কীভাবে ‘নানা কৌশলে’ অর্থ উপার্জন করা যায়- সেই চেষ্টাতেই তারা ব্যস্ত। উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের আন্দোলনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সৃষ্টি অচলাবস্থার জন্যও সরকারকে দায়ী করেন বিএনপির সাবেক এই মন্ত্রী। জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ পরিষদের আলোচনা সভায় মওদুদ বলেন, “বুয়েটসহ সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সরকার নিজেদের সমর্থিত শিক্ষকদের উপাচার্য ও উপ-উপাচার্য পদে বসিয়েছে। ফলে এক বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছে। বছরের পর বছর ধরে শিক্ষার্থীদের এর মাসুল দিতে হচ্ছে।” বুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে অবিলম্বে উপাচার্যকে সরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মওদুদ বলেন, “সরকারকে বলব, বুয়েট দেশের স্টার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। সেখানে মেধাবী শিক্ষার্থীরা পড়ালেখা করেন। তাদের শিক্ষা জীবনকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেবেন না।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের যে ঘোষণা দিয়েছেন, তা সরকারের ‘ফাঁকিবাজির কৌশল’ বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, “বিশ্ব ব্যাংক চুক্তি বাতিলের পর দুর্নীতির অভিযোগ আড়াল করতে সরকার এখন নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণে স্বপ্ন দেখাচ্ছে। সংশ্লিষ্ট দুর্নীতিবাজদের শাস্তি না দিয়ে সরকার জনগণের ওপর সারচার্জ বসিয়ে শাস্তি দেওয়ার কৌশল নিয়ে দেখাতে চায়- তারা সেতু নির্মাণ করবে।” আওয়ামী লীগ সরকারের আমলে কখনোই পদ্মাসেতু নির্মাণ হবে না বলেও মন্তব্য করেন মওদুদ। ‘আসন্ন রমজানে কর্মজীবীদের কল্যাণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ’ শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ পরিষদের সভাপতি মোস্তফা নূরউদ্দিন সোহেল। অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সারওয়ার, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, হৃদয়ে বাংলাদেশের সভাপতি মো. হানিফ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪৪০ ঘ.