শেরপুর, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পছন্দের কোম্পানিকে কাজ না দেওয়ায় পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্ব ব্যাংক সরে গেছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
শুক্রবার শেরপুরে এক অনুষ্ঠানে মতিয়া বলেন, “এর প্রমাণ আমাদের হাতে রয়েছে।”
বিশ্ব ব্যাংক ছাড়াই পদ্মা সেতু হবে বলেও তিনি মন্তব্য করেন।
বিকালে নকলা উপজেলা পরিষদ চত্বরে এতিম শিশুসহ বিভিন্নজনের মাঝে চেক ও সহায়তাদান বিষয়ক একটি অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন।
কৃষিমন্ত্রী বলেন, “আমরা পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের সাহায্য চাইনি। তারা ইচ্ছে করে সেতুতে বিনিয়োগ করতে চেয়েছিল।
“২০০৮ সালের নির্বাচনের পর টাকা-পয়সা গুছিয়ে জাইকা, এশিয়ান উন্নয়ন ব্যাংক ও ইসলামিক উন্নয়ন ব্যাংককে নিয়ে আমরা পদ্মা সেতু নির্মাণের সিন্ধান্ত নিলে তারা (বিশ্ব ব্যাংক) বাড়া ভাতে বিসমিল্লাহ বলে এতে অংশগ্রহণ করে।”
মতিয়া চৌধুরী আরো বলেন, বিগত বিএনপি-জামাত জোট সরকারের সময় দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাংক চারটি রাস্তা ও তিনটি বিদ্যুৎ প্ল্যান্টে সাহায্য বন্ধ করে দিয়েছিল।
“সে সময় খালেদা জিয়া টু’শব্দটিও করেননি,” বলেন মতিয়া।
তিনি বলেন, চিটাগাং পোর্টের কয়েক হাজার কোটি টাকা রয়েছে। ইতোমধ্যেই দেশের মানুষও এগিয়ে এসেছে। ইনশাল্লাহ নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু হবে। তবে কেউ এগিয়ে এলে আমরা তাদের স্বাগত জানাব।
নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ খোরশেদ আলম, নকলার ইউএনও খালিদ ইফতেখার, জেলা কৃষি স¤প্রসারন বিভাগের উপ-পরিচালক সুভাস চন্দ্র দেবনাথ প্রমুখ।
কৃষিমন্ত্রী ১১০ জন এতিম শিশুর প্রত্যেকে এক হাজার টাকা অর্থ সাহায্য, বিশেষ টিআর চালের মাধ্যমে গৃহীত প্রকল্পের আওতায় ৬৮টি প্রতিষ্ঠানকে ১২ লাখ ২৪ হাজার টাকার চেক এবং ছাত্রী বৃত্তিসহ মোট ১৮ লাখ টাকা অনুদান দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৫ ঘ.
bdnews24