ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর নতুন বিভাগ হওয়ায় দলের সাংগঠনিক সম্পাদক পদের সংখ্যা ৬ থেকে বাড়িয়ে ৭-এ উন্নীত করেছে বিএনপি।
নতুন বিভাগের সাংগঠনিক সম্পাদক পদে সোমবার সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে মনোনয়ন দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপির যুুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ারপারসন গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে দলের নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আসাদুল হাবিব দুলুকে সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) হিসেবে মনোনীত করেন।
চার দলীয় জোট সরকারের আমলে দুলু দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন।
৭ বিভাগের মধ্যে অন্য সাংগঠনিক সম্পাদকরা হলেন- ফজুলল হক মিলন (ঢাকা), গোলাম আকবর খন্দকার (চট্টগ্রাম), এম ইলিয়াস আলী (সিলেট), মজিবর রহমান সরোয়ার (বরিশাল), মশিউর রহমান (খুলনা) ও হারুন-অর রশীদ (রাজশাহী)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৫৪৪ ঘ.
bdnews24