২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক শাসকরা আসে লুটপাটের জন্য: সাজেদা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, সামরিক শাসকরা লুটপাটের জন্যই ক্ষমতা দখল করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 05:44 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, সামরিক শাসকরা লুটপাটের জন্যই ক্ষমতা দখল করে। রোববার রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সম্মেলনে তিনি বলেন, “যারা বন্দুক ঘাড়ে নিয়ে ক্ষমতায় আসে তারা সাময়িক সময়ের জন্য আসে, লুট করার জন্য আসে। জিয়াউর রহমানও এভাবেই ক্ষমতায় এসেছিলেন।” “বঙ্গবন্ধুর হত্যাকারী জিয়াউর রহমান। আজ একথা বলতে কোনো দ্বিধা নেই, তার ষড়যন্ত্রেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়,” বলেন তিনি। আওয়ামী লীগ ছাড়া অন্য কারো মানুষের অধিকার নিয়ে কোনো চিন্তা নেই বলেও দাবি করেন তিনি। সাজেদা বলেন, বিশ্ব মন্দার মধ্যেও বাংলাদেশের মানুষ খেতে পারছে। তরুণরা উঠে দাঁড়ালে আওয়ামী লীগকে কেউ দাবাতে পারবে না। ২০০৩ সালের ৮ জানুয়ারি আবুল বাশারকে সভাপতি এবং মাইনুল হোসেন খান নিখিলকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর উত্তর যুবলীগের কমিটি গঠন করা হয়। রোববারের সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনটির এই শাখার নতুন কমিটি গঠন হবে। সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মির্জা আজমও বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২৩৪২ ঘ.