২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তানজিমের ইস্তফা আনুষ্ঠানিকতা

পদত্যাগপত্র পাঠানোর আড়াই মাস পর ক্ষমতাসীন দলের সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজের ইস্তফা আনুষ্ঠানিকতা শনিবার রাতে সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 04:55 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদত্যাগপত্র পাঠানোর আড়াই মাস পর ক্ষমতাসীন দলের সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজের ইস্তফা আনুষ্ঠানিকতা শনিবার রাতে সম্পন্ন হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে তিনি স্পিকার আব্দুল হামিদের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন। পরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এর আগে গত ২৩ এপ্রিল তানজিম ব্যক্তিগত সহকারীর মাধ্যমে পদত্যাগপত্র দিলেও সশরীরে জমা না দেওয়ায় গ্রহণ করেননি স্পিকার। সে সময় বলা হয়েছিল- সশরীরে পদত্যাগপত্র জমা দিলেই কেবল তা গ্রহণ করা হবে। তানজিমের ব্যক্তিগত সহকারী আবু কাওসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার তিনি সশরীরে উপস্থিত হয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পরে তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।” এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। পরে স্পিকারের ব্যক্তিগত সহকারী (পরিচালক) জয়নাল আবেদিন ইস্তফা গৃহীত হওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করে বলেন, “স্পিকার তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।” তবে তার আসন শূন্য ঘোষণা করা হয়েছে কিনা তা জানাতে পারেননি তিনি। এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, ‘নির্বাচনী এলাকা ১৯৭ গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য তানজিম আহমদ সোহেল তাজ শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদের স্পিকার মো. আব্দুল হামিদের কার্যালয়ে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্পিকার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।’ পদত্যাগপত্র জমা দিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। রাত ১০টার কয়েক মিনিট পর রূপালী রঙের একটি গাড়িতে চড়ে তিনি গণভবন থেকে বেরিয়ে যান। এ সময় সাংবাদিকরা ছুটে গেলেও তিনি গাড়ি থামাননি, মোবাইল ফোনেও কথা বলেননি কারো সঙ্গে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার রাত সাড়ে ৯টার দিকে তানজিম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।” গণভবনের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় সেখানে প্রতিমন্ত্রী পদমর্যাদার কয়েকজন এবং যুবলীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তাদের সামনেই তানজিম প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘অসুবিধা নেই, সবার সামনেই বলো’। ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম। ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলেও ২০০৯ সালের ৩১ মে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তবে সে সময় রাষ্ট্রপতি তা ‘গ্রহণ করেননি’ বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। ওই পদত্যাগপত্র জমা দেওয়ার তিন বছর পরও তানজিমের ব্যাংক হিসাবে প্রতিমন্ত্রীর বেতন-ভাতা জমা হতে থাকায় গত ১৭ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগে একটি চিঠি দেন তিনি। পাশাপাশি তিনি পদত্যাগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারিরও আবেদন জানান। ওই চিঠিতে তানজিম বলেন, “২০০৯ সালের ৩১ মে বাংলাদেশ সংবিধানের ৫৮(ক) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর হাতে আমার পদত্যাগপত্র দিই। ১ জুন আবারো সেই পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাই। এরপর থেকে অদ্যাবধি প্রতিমন্ত্রী হিসেবে আমি কোথাও কোনো কিছুতে স্বাক্ষর করিনি।” সেই সময় থেকে তার ব্যক্তিগত হিসাবে পাঠানো বেতন-ভাতার যাবতীয় অর্থ ফেরত নেওয়ারও অনুরোধ জানানো হয় ওই চিঠিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমকে/এআরএইচ/এএল/২২৫৪ ঘ.