ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির’ অভিযোগ স্বীকার করে নৈতিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
বুধবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এই দাবির কথা তুলে ধরেন।
তিনি দাবি করেন যে, পদ্মা সেতুর কাজ শুরুর আগেই ঘুষের টাকা লেনদেন হয়ে গেছে। সরকারের শীর্ষ পর্যায়ের লোকজন এতে জড়িত। যে কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারছেনা সরকার। মুখও খুলতে পারছেনা কারা এই দুর্নীতি করেছেন।
“অন্য কোনো গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হলে এ মুহূর্তেই পদত্যাগ করতেন। এটাই শোভনীয়। তাই বলব- নৈতিক কারণে কালবিলম্ব না করে এ মুহূর্তেই পদত্যাগ করুন”, যোগ করেন ভারপ্রাপ্ত মহাসচিব।
সেইসঙ্গে একটি নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়ারও দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।
শুক্রবার এক বিবৃতিতে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে তাদের অর্থায়ন বাতিলের ঘোষণা দেয়। গত বছরের এপ্রিলে সাক্ষরিত চুক্তি অনুযায়ী ২৯০ কোটি ডলারের এই প্রকল্পে তাদের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল।
চুক্তি বাতিলের পক্ষে বিশ্ব ব্যাংক যুক্তি দেখিয়েছে, এই প্রকল্পে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের দুর্নীতির ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মিলেছে।
‘দুর্নীতির’ বিষয়টি বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে জানিয়ে ওই বিবৃতিতে বলা হয়, “এক্ষেত্রে বাংলাদেশ সরকারের যথাযথ সাড়া না মেলায় প্রকল্পে অর্থায়ন বাতিল করা হয়েছে এবং এই সিদ্ধান্ত অনতিবিলম্বে কার্যকর হবে।”
বিশ্ব ব্যাংকের এই অর্থায়ন বাতিলের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে দাবি করেছেন যে, পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি।
নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর ১৮ দলীয় জোটের উদ্যোগে দলের সাংগঠনিক সম্পাদক নিখোঁজ ইলিয়াস আলীসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের হত্যা-গ্রেপ্তার, সাংবাদিক দম্পতি সাগর-রুনি ও সৌদি কর্মকর্তা হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়।
পদ্মা সেতু নিয়ে কথিত দুর্নীতি প্রসঙ্গে মির্জা ফখরুল আরো বলেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতিতে জড়িতদের রক্ষা করতে অর্থমন্ত্রী সংসদে অসত্য বক্তব্য দিয়েছেন। এখন যোগাযোগ মন্ত্রী বলছেন, বিকল্প অর্থায়নে পদ্মা সেতু নির্ম্ণা করা হবে।
বিডিআর বিদ্রোহের বিচার
বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মির্জা ফখরুল।
তিনি দাবি করেন যে, এই বিচারের নামে প্রহসন চলছে। এখনো বিডিআর সদরদপ্তরে হত্যকা-ের আসল নায়করা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। অথচ সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুসহ অনেককে কারাগারে বন্দি করে রাখা হয়েছে।
এ প্রসঙ্গে তিনি হিউম্যান রাইটস ওয়াচ এর সদ্য প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেন, “বিডিআর বিদ্রোহের ঘটনায় আটকরা ন্যায় বিচার পাচ্ছে না। আমরা প্রথম থেকে ওই বিদ্রোহের ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ বিচার দাবি করে আসছি।’’
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বিডিআর সদস্যরা ন্যায় বিচার পাবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
ওই প্রতিবেদনে বলা হয়, হাজতে থাকার সময় কমপক্ষে ৪৭ জন বিডিআর সদস্য নিহত হয়েছেন। এসব মৃত্যুর কারণ হিসেবে নির্যাতনের প্রমাণ পেয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। বিদ্রোহের পর আটক করা বিডিআর সদস্যরা হিউম্যান রাইটস ওয়াচকে জানিয়েছেন, স্বীকারোক্তি আদায়ে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে।
বিডিআর বিদ্রোহের বিচার স্থগিতেরও সুপারিশ করা হয় এইচআরডব্লিউ’র প্রতিবেদনে।
“দেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। বিচারবহির্ভূত হত্যাকা- চলছে। বিরোধী দলের ১৫ হাজার নেতা-কর্মীকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। সরকারের সাড়ে তিন বছরে ১২০ জনেরও বেশি নেতা-কর্মীকে গুম করে ফেলা হয়েছে”, এমন দাবিও করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
তিনি অভিযোগ করেন, দুই মাস অতিক্রান্ত হলেও ইলিয়াস আলীর সন্ধান দিতে পারেনি সরকার। অতিসম্প্রতি তার নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথের ৭ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে।
নৌ-প্রটোকল নবায়নের সমালোচনা
বাংলাদেশ-ভারত নৌ-প্রটোকল দুই বছরের জন্য নবায়নের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, একদিকে সরকার দমননীতির মাধ্যমে বিরোধী দলকে দাবিয়ে রাখছে, অন্যদিকে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে প্রতিবেশির প্রতি ‘তোষণনীতি’ অনুসরণ করছে।
“আবারো নৌ-প্রটোকল নবায়ন করা হয়েছে। অথচ এখনো আমরা তিস্তার পানি পাইনি। সীমান্ত হত্যা বন্ধ হয়নি। এভাবে সরকার একতরফা দেশের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে।”
মহানগর ১৮ দলীয় জোটের সমন্বয়কারী আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, ইনাম আহমেদ চৌধুরী, শওকত মাহমুদ, শামসুজ্জমান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংসদ শাম্মী আখতার প্রমুখ বক্তব্য রাখেন।
জোট নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সহকারি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মজিবুর রহমান, কর্মপরিষদের সদস্য মিয়া গোলাম পারওয়ার, তাসনিম আলম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন, খেলাফত মজলিশের মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৫০ ঘ.
bdnews24