চট্টগ্রাম, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা ছয় মামলার মধ্যে বিস্ফোরক মামলায় চট্টগ্রাম নগর বিএনপির ৭৮ নেতাকর্মীর জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।
বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আলী মনসুর নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ ৭৮ জনের জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন।
মামলার আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিরা আগে থেকেই ৪ জুলাই পর্যন্ত জামিনে ছিলেন।
তিনি বলেন, আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানালে বিচারক আগামী ১৯ জুলাই পরবর্তী শুনানির দিন পর্যন্ত জামিনের মেয়াদ বাড়ান।
ডা. শাহাদাত ছাড়া ৭৮ নেতাকর্মীর মধ্যে রয়েছেন, নগর বিএনপির সহ-সভাপতি আবু সফিয়ান, কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান শামীম, যুবদলনেতা কাজী বেলাল, মোশাররফ হোসেন দীপ্তি প্রমুখ।
গত ১৩ মে নগরীর কাজীর দেউরী ও নসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জামায়াতে ইসলামী ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
এই ঘটনায় নগরীর কোতোয়ালি ও খুলশি থানায় দ্রুত বিচার আইনে তিনটিসহ মোট ছয়টি মামলা হয়।
এর মধ্যে কোতোয়ালি থানার বিস্ফোরক মামলায় এদিন ৭৮ জনের জামিনের মেয়াদ বাড়ানো হয়।
নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন দ্রুত বিচার আইনের একটি মামলায়ও জামিনে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/এএল/২০৪৯ ঘ.
bdnews24