২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কেরানীগঞ্জ হত্যাযজ্ঞে মূল ভূমিকা কাদের মোল্লার’

একাত্তরের ২৫ নভেম্বর কেরানীগঞ্জে পাকিস্তানি বাহিনীর এ দেশীয় দোসরদের হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লাই মূল ভূমিকা রাখেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন এ মামলার প্রথম সাক্ষী মোজাফফর আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 01:43 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের ২৫ নভেম্বর কেরানীগঞ্জে পাকিস্তানি বাহিনীর এ দেশীয় দোসরদের হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লাই মূল ভূমিকা রাখেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন এ মামলার প্রথম সাক্ষী মোজাফফর আহমেদ। মঙ্গলবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ নিজের জবানবন্দি উপস্থাপন করে কেরানীগঞ্জের এই মুক্তিযোদ্ধা, একাত্তরে যিনি ছিলেন একজন এসএসসি পরীক্ষার্থী। ট্রাইব্যুনালকে তিনি জানান, স্বাধীনতা যুদ্ধ শুরুর পর মে মাসে তিনি ভারতে চলে যান এবং আসামের লায়লাপুর ক্যান্টনমেন্টে প্রশিক্ষণ নিয়ে কেরানীগঞ্জ ফিরে আসেন। মোজাফফর বলেন, ২৫ নভেম্বর সকাল থেকেই গুলির শব্দ শুনে তিনি তার দল নিয়ে বের হন। রাস্তায় তার বাবার সঙ্গে দেখা হলে তিনি জানতে পারেন, তাদের বাড়িতে হামলা হয়েছে এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। হত্যা করা হয়েছে তার দুই সহযোগী মুক্তিযোদ্ধা ওসমান গনি ও গোলাম মোস্তফাকে। এই মুক্তিযোদ্ধা ট্রাইব্যুনালকে বলেন, ওইদিন রাজাকার আলবদর বাহিনীর হামলার পর তিনি কয়েক ডজন লাশ দেখেছেন এবং কেরানীগঞ্জে এই হত্যাযজ্ঞের পেছনে মূল ব্যক্তি ছিলেন কাদের মোল্লা। মুক্তিযুদ্ধের দিনগুলোতে ঢাকার মোহাম্মদপুরে শারীরিক শিক্ষা কেন্দ্রে রাজাকার ও আল বদর বাহিনীর নির্যাতন কেন্দ্রের ফটকেও কাদের মোল্লাকে দেখা যাওয়ার কথা জানান তিনি। মোজাফফর আহমেদ জবানবন্দি দেওয়ার পর আসামিপক্ষের আইনজীবী মো. একরামুল হক তাকে জেরা শুরু করে। এর কিছুক্ষণ পর জেরা মুলতবি করেন বিচারক। সাক্ষীর ‘ক্ষোভ’ এ মামলায় সাক্ষগ্রহণের প্রথম দিনে মোজাফফর আহমেদের বক্তব্যের সঙ্গে তাল মেলাতে গিয়ে হিমশিম খেতে দেখা যায় আদালতের স্টেনোগ্রাফারকে। এক পর্যায়ে বিচারপতি শাহীনুর ইসলাম সাক্ষীকে ধীরে ও সুসঙ্গতভাবে বক্তব্য উপস্থাপন করতে বললে মোজফফর ক্ষেপে গিয়ে বলেন, “আমাকে এ রকম চার্জ করলে তো কথা বলতে পারব না। আমাকে তো কথা বলতে দিতে হবে।” প্রসিকিউটর মোহাম্মদ আলী এ সময় বলেন, “আদালত আপনাকে ‘চার্জ’ নয়, সহযোগিতা করছেন।” কিন্তু তাতে শান্ত না হয়ে সাক্ষী বলেন, “না জজ শাহীন আমাকে চার্জ করছেন।” এ সময় প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু তাকে ‘নাম ধরে’ বলতে নিষেধ করেন। এতে আরো ক্ষেপে গিয়ে এই মুক্তিযোদ্ধা বলেন, “আমি সাক্ষ্য দেব না। পারলে চালান আপনার ট্রাইব্যুনাল। কি করবে আমাকে? ফাঁসি দেবে? মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য ফাঁসি দিক আমাকে। আমি কোনো হাইব্রিড মুক্তিযোদ্ধা না। আমি জেনুইন মুক্তিযোদ্ধা।” প্রসিকিউটররা তাকে শান্ত করার চেষ্টা করলে তিনি চিৎকার করে বলেন, “সেন্টিমেন্টাল। সেন্টিমেন্টাল না হলে তো মুক্তিযুদ্ধেই যেতাম না।” পরে তাকে বসিয়ে পানি খাইয়ে শান্ত করে সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে বিচারপতি শাহীনুর ইসলাম প্রধান প্রসিকিউটরকে বলেন, “আমার কিছু কথা আছে, আজ যা হলো, তা কতোটুকু যৌক্তিক হয়েছে তা আপনারাই বিবেচনা করবেন।” হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ট্রাইব্যুনাল গত ২৮ মে কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এর আগে ২৮ ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। কাদের মোল্লার বিরুদ্ধে প্রসিকিউশন যেসব ঘটনা তুলে ধরেছে তার মধ্যে পল্লবীর আলোকদি গ্রামে ৩৪৪ জনকে হত্যা, খন্দকার আবু তালেবকে হত্যা, বাংলা কলেজের ছাত্র পল্লবসহ সাত জনকে হত্যা, কেরানীগঞ্জের শহীদনগর গ্রামের ভাওয়াল খান বাড়ি ও খাটারচরসহ পাশের আরো দুটি গ্রামের অসংখ্য লোককে হত্যার ঘটনা রয়েছে। মুক্তিযুদ্ধকালে মোস্তফা নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর কাদের মোল্লাসহ কয়েকজন জামায়াত নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। এছাড়া ২০০৮ সালে পল্লবী থানায় আরো একটি মামলা হয় কাদেরের বিরুদ্ধে। এই মামলাতেই ২০১০ সালের ১৩ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমডি/জেকে/১৯৪০ ঘ.