ফেনী, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুর ‘দুর্নীতির’ দায় স্বীকার করে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
রোববার বিকালে ফেনীতে তিনটি জনসভায় তিনি পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের বিষয়টি নিয়ে সরকারের ব্যাপক সমালোচনা করেন।
ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন বিএনপি চেয়ারপারসন। তিনি এই নির্বাচনী এলাকার সংসদ সদস্য।
শনিবার চট্টগ্রামে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা দিয়েছিলেন বিরোধী নেতা। রোববার সকালেও চট্টগ্রামে ত্রাণ দিয়ে নিজের জেলা ফেনী যান তিনি।
বেলা আড়াইটার দিকে ফুলগাজী পৌঁছালে হাজার হাজার নেতা-কর্মী-সমর্থক করতালি দিয়ে খালেদাকে স্বাগত জানায়। ফুলগাজী বাজার মোড়ে জনসভায় বক্তব্যের আগে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি।
খালেদা জিয়া বলেন, “পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিল করার মধ্য দিয়ে আজ প্রমাণিত হয়েছে, এই সরকার মহাদুর্নীতিবাজ সরকার। ন্যূনতম লজ্জা থাকলে এক মুহূর্ত বিলম্ব না করে অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিৎ।”
দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে এক দিন আগে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে অর্থায়ন বাতিল করে বিশ্ব ব্যাংক; যদিও সরকারের পক্ষ থেকে এই অভিযোগ প্রত্যাখ্যান করে বিশ্ব ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা হচ্ছে।
খালেদা জিয়া বলেন, “কেবল পদ্মা সেতু প্রকল্পে নয়; বিদ্যুৎসহ সর্বক্ষেত্র দুর্নীতিতে ছেয়ে গেছে। সিন্ডিকেট করে ক্ষমতাসীনরা নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করেছে। কুইক রেন্টাল পাওয়ার প্ল্যাট স্থাপনের মাধ্যমে তারা কুইক টাকা লুটপাট করেছে।”
পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক কথিত দুর্নীতিতে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা জড়িত দাবি করে তিনি বলেন, “এই দুর্নীতির বিষয়ে কানাডার পুলিশ সরকারের কাছে প্রতিবেদন দিয়ে গেছে। বিশ্ব ব্যাংক বলেছে, এই সরকার দুর্নীতিবাজ, তাদের টাকা দেওয়া যাবে না। কারণ বিশ্ব ব্যাংকসহ দাতাদেশগুলো তাদের জনগণের ট্যাক্সের পয়সায় আমাদের ঋণ দিয়ে থাকে।”
চারদলীয় জোট সরকারকে দুর্নীতিবাজ বলে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিরোধী নেতা বলেন, “দুর্নীতি কারা করেছে, বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলেই তা প্রমাণ হয়ে গেছে।”
সন্ধ্যায় ছাগলনাইয়ার ডাক বাংলো মোড়ে পথসভায় তিনি বলেন, “প্রধানমন্ত্রী কথায় কথায় বিএনপির দুর্নীতি কথা বলেন। আমি বলতে চাই, বিএনপির আমলে কেউ কেউ দুর্নীতি করতে পারে। কিন্তু আপনার সরকারের মতো দুর্নীতি কেউ করেনি। এ সরকার দুর্নীতি নয়, ডাকাতি ও পুকুরচুরি করেছে।”
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার পেছনেও সরকারের দুর্নীতিই প্রধান কারণ দাবি করে খালেদা বলেন, “সরকারের দুর্নীতির তথ্য তাদের কাছে ছিল বলেই সরকারের লোকজন তাদের হত্যা করেছে। সরকারের লোকজন এই হত্যাকাণ্ডে জড়িত বলে খুনিদের গ্রেপ্তার করা হয়নি।”
“এই সরকারকে বিদেশিরা বিশ্বাস করে না। তাই এরা ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হবে না, ঋণ সহায়তা আসবে না। তাই সরকারের পরিবর্তন হতে হবে,” বলেন খালেদা।
জনসভায় সমবেতদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বলেন, “এই দুর্নীতিবাজ সরকারকে আর সময় দেবেন আপনারা।”
সমস্বরে সবাই বলে ‘না’ বলে উঠলে খালেদা বলেন, “এদের বিদায় করতে হবে।”
বর্তমান সরকার লুটপাটে ব্যস্ত দাবি করে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, “আওয়ামী লীগে যারা দেশকে ভালোবাসেন, তাদের আজ ভাবনার সময় এসেছে- এই দলের সঙ্গে আপনারা থাকবেন, না কি এই দল থেকে সরে আসবেন।”
প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের সম্পদের হিসাব না দেওয়ার সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, “তারা নিজেদের সাধু বলত। তিন বছরে তারা সম্পদের হিসাব দিতে পারেনি, আগামীতেও পারবে না।”
ছাগলনাইয়ার আগে পরশুরাম ডিগ্রি কলেজ মাঠে যান খালেদা। সেখানে তিনি পথসভায় বক্তব্য এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ দেন।
তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়ায় সরকারের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বলেন, “তারা (ভারত) তিস্তা নদীর পানি দেয়নি, অথচ ফেনী নদীর পানি তাদের দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। আমরা এই এলাকার জনগণ ফেনী নদীর পানি কাউকে দেব না। একতরফা কোনো কিছু করতে দেওয়া হবে না।”
বিরোধী নেতার নির্বাচনী এলাকা হওয়ায় ফেনীতে বর্তমান সরকারের আমলে কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেন খালেদা জিয়া।
নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়ে তিনি বলেন, দাবি পূরণ না হলে রোজার ঈদের পর সরকারের বিরুদ্ধে কঠিন কর্মসূচি দেওয়া হবে।
“সংসদ বাাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নইলে এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না,” হুঁশিয়ারি দেন তিনি।
খালেদা জিয়া বলেন, “নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকার ভয় পায় বলে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। আমি স্পষ্টভাষায় বলে দিতে চাই, নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে হবে।”
“নির্বাচন একটি খেলা। তাই সবার জন্য সমান সুযোগ তৈরি করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। দেখা যাবে, কে জিতে কে হারে,” বলেন বিরোধী নেতা।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ ১২২ জনকে সরকারই গুম করেছে বলে দাবি করেন বিরোধীদলীয় নেতা।
দুই স্থানে জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেলিমা রহমান, আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, আব্দুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, ফেনীর সংসদ সদস্য মোশাররফ হোসেন, জয়নাল আবেদিনসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
পরশুরামের পথসভায় খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন জাতীয় পার্টির নেতা শফিকুর রহমান সরদার ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭৩০ ঘ.
bdnews24