২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকারের অপকর্মে পুরো জাতির ওপর কালিমা’

পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংক অর্থায়ন বাতিল করায় পুরো জাতির ওপর কালিমা লেপন হয়েছে দাবি করে এর জন্য সরকারকে দায়ী করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2012, 06:11 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংক অর্থায়ন বাতিল করায় পুরো জাতির ওপর কালিমা লেপন হয়েছে দাবি করে এর জন্য সরকারকে দায়ী করেছে বিএনপি। বিশ্ব ব্যাংকের উত্থাপিত অভিযোগ তদন্ত করে ‘দুর্নীতিতে’ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে প্রধান বিরোধী দল। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক শুক্রবার পদ্মা সেতু প্রকল্পে তাদের অর্থায়ন বাতিলের ঘোষণা দেয়, যদিও সরকার বরাবরই দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। বিশ্ব ব্যাংকের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা দুঃখজনক। সরকারের অপকর্মের কারণে গোটা জাতি ও দেশের ওপর কালিমা লেপন হয়েছে।” সাবেক এই মন্ত্রী বলেন, “সংস্থাটির অর্থায়ন বাতিল হওয়ায় আমি দুটি কারণে দুঃখিত। প্রথমত বিএনপি পদ্মা সেতুর যে কাজ শুরু করে এসেছিল, তার নির্মাণ এখন অনিশ্চিত হয়ে গেল। দ্বিতীয়ত এই রকম একটি বৃহৎ প্রকল্প নির্মাণে বিশ্ব ব্যাংকসহ দাতাদেশ ও সংস্থার কাছ থেকে কম সুদে ঋণ পাওয়া যেত। তা আটকে গেল।” দুর্নীতির অভিযোগ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান বিশ্ব ব্যাংকের সাবেক অর্থনীতিবিদ ওসমান ফারুক। তিনি বলেন, “আমি জানি, বিশ্ব ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থা যথেষ্ট প্রমাণের ভিত্তিতে অভিযোগ তুলে থাকে। যখন তারা দুর্নীতির অভিযোগ তুলেছে, সরকার তা আমলেই নেয়নি। সরকারের উচিৎ ছিল, সুষ্ঠু তদন্তকরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। “আমরা আশা করি, সরকার আত্মসমালোচনা করে বিশ্বব্যাংকের অভিযোগ মূল্যায়ন করবে। সুষ্ঠু তদন্ত করে বিশ্বাসযোগ্যতার প্রমাণ করে এই সেতুতে অর্থায়নে ব্যবস্থা নেবে।” মালয়শিয়ার অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে সরকারের পরিকল্পনার সমালোচনা করে বিএনপি নেতা ওসমান ফারুক বলেন, “সরকার জেদের বশে মালয়শিয়ার কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নিচ্ছে। এটা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ চড়া সুদে ঋণের ভার এদেশের মানুুষকেই বহন করতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২০৬ ঘ.