ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে গণতন্ত্র বিপন্ন হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
শুক্রবার বিকালে এক কর্মীসভায় বদরুদ্দোজা চৌধুরী বলেন, “ক্ষমতাসীনরা গায়ের জোরে আগামী নির্বাচনকে তাদের পক্ষে নেওয়ার কূটকৌশল অবলম্বন করলে গণতন্ত্র নিশ্চিতভাবে বিপন্ন হবে। ওই ধরণের নির্বাচন দেশে-বিদেশে কারো কাছে গ্রহণযোগ্যতা পাবে না। তাই সরকারকে বলব, নির্দলীয় সরকারের দাবি মেনে নিয়ে দেশকে সহিংসতার হাত থেকে রক্ষা করুন।”
রাজধানীর কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে বিকল্প শ্রমজীবীধারার এই কর্মী সভা ও রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বদরুদ্দোজা বলেন, “বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষের দুঃখ-কষ্ট নিরসনে কিছুই করেনি। কৃষক ধানের বাম্পার ফলন করেও ন্যায্যমূল্য থেকে কৃষক বঞ্চিত হয়েছেন।”
পোষাক শিল্পে চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়ে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, “আমাদের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী গার্মেন্টস শিল্প ধ্বংস করার চক্রান্ত চলছে। গার্মেন্টস মালিক-শ্রমিকদের মধ্যে যেকোনো মূল্যে সহযোগিতা, সহানুভূতি ও সহমর্মিতা বজায় রাখতে হবে।”
বিকল্পধারার শ্রমিক সংগঠন শ্রমজীবীধারার সভাপতি মো. আয়নুল হকের সভাপতিত্বে কর্মীসভায় অন্যান্যের মধ্যে বিকল্পধারার মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান, ঢাকা মহানগর (উত্তর) সভাপতি মাহবুব আলী, নাজমুল করিম বাচ্চু, ওয়াসিমুল ইসলাম, পারভীন আক্তার, রায়হানা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/২২৪২ ঘ.
bdnews24