২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের ‘ভয়’ কেন, প্রশ্ন ফখরুলের

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ‘জনসমর্থনহীন’ হয়ে পড়েছে দাবি করে নির্বাচন দিয়ে সরকারকে জনপ্রিয়তা যাচাইয়ের আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2012, 08:09 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ‘জনসমর্থনহীন’ হয়ে পড়েছে দাবি করে নির্বাচন দিয়ে সরকারকে জনপ্রিয়তা যাচাইয়ের আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারামুক্ত বিএনপি নেতা খায়রুল কবির খোকনকে নিয়ে শুক্রবার সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর ফখরুল সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী বলছেন, আগামী নির্বাচনে বিএনপি দশটি আসনও পাবে কিনা সন্দেহ আছে। তাহলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে তাদের ভয় কোথায়?” “আসলে সাড়ে তিন বছরের ব্যর্থতায় সরকার জনসমর্থনহীন হয়ে পড়েছে। আমরা সরকারকে বলতে চাই, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন”. বলেন এই বিএনপি নেতা। শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দেওয়ার সময় অন্যদের মধ্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, নরসিংদী জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার উপস্থিত ছিলেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপির ডাকা হরতালের সময় গত ১৭ মে নয়া পল্টন থেকে দলটির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে খিলগাঁওয়ে একটি গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পেলেও জেলগেইট থেকে ৪ জুন আরেক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ২২ জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান খোকন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “নির্দলীয় সরকারের দাবি এখন শুধু বিএনপির নয়, জনদাবিতে পরিণত হয়েছে। আমরা এখনো আশা করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। নির্দলীয় সরকারের দাবি মেনে নিয়ে তারা দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।” ফখরুল অভিযোগ করেন, এয়োদশ সংশোধনী বাতিল করে সরকার দেশে নির্বাচন নিয়ে সঙ্কট তৈরি করেছে। “নির্দলীয় সরকার ব্যবস্থা নিয়ে কোনো বির্তক মানুষের মধ্যে ছিল না। পঞ্চদশ সংশোধনীর জন্য সংসদীয় বিশেষ কমিটিতেও এ পদ্ধতির রাখার পক্ষে মত এসেছিল।’’ সরকার যতো ‘টালবাহানাই’ করুক, নির্দলীয় সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজন করেই তাদের নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে অতিবৃষ্টি ও পাহাড়ধসে ব্যাপক প্রাণহানির ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “যারা পাহাড় কাটাসহ পরিবেশ ধ্বংসের কাজ করছে, তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয় না। এ কারণে আজ এতো প্রাণহানি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪০৫ ঘ.