চট্টগ্রাম, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর মামলায় চট্টগ্রামে বিএনপির উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীসহ দলটির চার নেতাকর্মীকে জামিন দিয়েছে আদালত।
চট্টগ্রাম মহানগর হাকিম ও দ্রুত বিচার আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক আলী মনসুর বৃহস্পতিবার দুপুরে এই আদেশ দেন।
এছাড়া এ মামলায় চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ ১৪ জনের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।
আসলাম চৌধুরীর আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক কোতয়ালী থানায় করা দ্রুত বিচার আইনের এ মামলায় আসলাম চৌধুরীসহ চারজনকে জামিন দিয়েছেন।
এতে তাদের মুক্তি পেতে আর কোনো বাধা নেই বলে জানান তিনি।
আসলাম চৌধুরী গত ২৪ জুন একই আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠান।
আইনজীবী সাজ্জাদ জানান, এ মামলায় আগে থেকেই জামিন পাওয়া ডা. শাহাদাত হোসেনসহ ১৪ বিএনপি নেতাকর্মীর জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।
আগামী ১১ জুলাই এ মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ রয়েছে বলেও জানান তিনি।
এছাড়া খুলশী থানার দ্রুত বিচার আইনের আরেক মামলায় পাঁচ বিএনপি কর্মীকে জামিন দিয়েছে আদালত। তারা উচ্চ আদালতেও জামিন পেয়েছিলেন।
গত ১৩ মে চট্টগ্রামের কাজীর দেউরী ও নসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের মিছিলের আগে বিএনপি ও জামায়াতকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই সময় বেশ কয়েকটি গাড়ি পোড়ায় বিএনপি-জামাতকর্মীরা।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের আসামি করে কোতোয়ালি ও খুলশী থানায় দ্রুত বিচার আইনে তিনটিসহ মোট ছয়টি মামলা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/জেকে/১৭৫০ ঘ.
bdnews24