ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর বিচারপতি সায়েদুল ইসলাম এই আদেশ দেন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, দেশত্যাগে বাধ্য করা এবং এসব অপরাধে উস্কানি ও সহযোগিতার ১৭টি ঘটনায় আব্দুল আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে তার বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ৯ জুলাই দিন রাখা হয়।
আলীমের আইনজীবীরা ওই আদেশ পুনর্বিবেচনার আবেদনে বলেন, প্রসিকিউশন আব্দুল আলীমকে রাজাকার কমান্ডার বলে উল্লেখ করলেও অভিযোগ গঠনের সময় তাকে রাজাকার-আলবদর বাহিনীর কমান্ডার বলা হয়েছে।
সাক্ষ্য গ্রহণের সময়ই এসব বিষয়ের নিস্পত্তি হবে উল্লেখ করে পুনর্বিচেনার আবেদনটি বৃহস্পতিবার খারিজ করে দেয় ট্রাইব্যুনাল।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছর ২৭ মার্চ জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আব্দুল আলীমকে তার জয়পুরহাটের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গত ২৬ এপ্রিল আলীমের যুদ্ধাপরাধের ঘটনাগুলো তুলে ধরে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানায় প্রসিকিউশন।
অশীতিপর এই ব্যক্তি তার ছেলে ফয়সাল আলীম ও আইনজীবী তাজুল ইসলামের জিম্মায় শর্ত সাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১২৫৫ ঘ.
bdnews24