নরসিংদী, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারককে পেটানোর মামলায় ডিবির এক কর্মকর্তাসহ চার পুলিশ সদস্যকে জামিন দিয়েছে আদালত। তবে বাকি চার জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে ডিবির ওসি মামুনুর রশীদ মন্ডলসহ আট পুলিশ সদস্য আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক চার জনকে জামিন দেন।
জামিন শুনানিতে আসামিপক্ষে এস এ হাদীসহ ২০/২৫ আইনজীবী জামিনের আবেদন জানিয়ে বলেন, অভিযুক্তরা সরকারি চাকরিজীবী। ঘটনার সময় তারা দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরা ভুল করেছেন। তারা নিজেদের অপরাধ স্বীকার করে আদালতে আত্মসমর্পণ করেছেন। এ জন্য তাদের জামিন দেওয়া যায়।
তবে সরকারপক্ষের আইনজীবী ন ম রুহুল আমিন জামিনের বিরোধিতা করে বলেন, আসামিরা নরসিংদীর দ্বিতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইমান আলী শেখকে লাঞ্ছিত করেছেন।
শুনানি শেষে মামলার আসামি নরসিংদী ডিবির ওসি মামুনুর রশীদ মন্ডল, কনস্টবল মাহবুবুর রহমান, শহিদুল ইসলাম, মোখলেসুর রহমানের জামিন মঞ্জুর করেন। এ ছাড়া নায়েক আবদুস সালাম, কনস্টবল সঞ্জয় সাহা, সাইফুল ইসলাম ও কলিমুদ্দিনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত ১০ জুন রোববার নরসিংদীর চাঞ্চল্যকর মেয়র লোকমান হত্যা মামলার আসামিদের হাজিরার তারিখে আদালত এলাকায় কড়াকড়ি আরোপ করে পুলিশ। ওই দিন জেলা জজ আদালতের মূল ফটকে নরসিংদীর ঢোকার সময় দ্বিতীয় যুগ্ন জেলা ও দায়রা জজ মো. ইমান আলী শেখের সঙ্গে পুলিশেল কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ইমান আলীকে কিলঘুষি ও হেলমেট দিয়ে আঘাত করেন।
এ ঘটনায় পরদিন নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের জেলা নাজির মো. রাকিবুল হাসান বাদী হয়ে নরসিংদী মুখ্য বিচারিক হাকিম আদালতে মামুনুর রশীদ মন্ডলসহ চার পুলিশের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৭/৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন।
ওই মামলায় গত ১৯ জুন মঙ্গলবার আদালত মামুনুর রশীদ মন্ডলসহ আট পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং ২৭ জুন মামলার পরবর্তী তারিখ রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯০৯ ঘ.
bdnews24