২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘একি কথা শুনি আজ মেননের মুখে’

রাশেদ খান মেনন নতুন করে সংবিধান সংশোধনের আহ্বান জানানোয় তার সমালোচনা করেছেন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 10:52 AM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন জোটের নেতা রাশেদ খান মেনন আবারো সংবিধান সংশোধনের আহ্বান জানানোয় তার সমালোচনা করেছেন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। মঙ্গলবার জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত বলেন, বর্তমান সংবিধানের অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে। এর বাইরে যাওয়ার আর কোনো ‘উপায়’ নেই। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আগে গঠিত কমিটিতে রাশেদ খান মেননও ছিলেন- এই তথ্য তুলে ধরে সুরঞ্জিত বলেন, “তিনি (মেনন) বলেছেন, সংবিধান সংশোধন ও অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা এখনই দিতে হবে। “কিন্তু সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিতে তো মেনন, ইনু (জাসদ সভাপতি হাসানুল হক ইনু) ছিলেন। সেখানে তিনটি বিষয়ের ওপর তারা নোট অব ডিসেন্ট দিয়েছেন। অন্যসব বিষয়ে একমত হয়ে চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর দিয়েছেন।” “আজকে কেন অন্য কথা শুনি। আজ কেন ১২৩ ধারা সংশোধনের কথা বলছেন”, প্রশ্ন রাখেন সেই বিশেষ কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত। গত বছর জুনে জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাসের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়ে যায়। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ওই সময় বিসমিল্লাহ, রাষ্ট্র ধর্ম ইসলাম এবং সমাবেশ করার অধিকার সম্বলিত ধারা নিয়ে আপত্তি তুলেছিলেন। পঞ্চদশ সংশোধনীর কারণে কিছু ‘জটিলতা’ তৈরি হয়েছে মন্তব্য করে মেনন সোমবার সংসদে বলেন, “নির্বাচন নিয়ে যাতে বিতর্ক না হয়, গ্রহণযোগ্য নির্বাচন হয়, তার জন্য বিধান সংশোধন করতে হবে।” সংবিধান ১২৩ ধারা অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে নির্বাচন করতে গেলে সাংবিধানিক সঙ্কট তৈরি হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। মেননের বক্তব্যের জবাবে সুরঞ্জিত বলেন, “নির্বাচনের ব্যবস্থা অন্তবর্তীকালীন সরকারের মাধ্যমেই হয়ে থাকে। নির্বাচন কমিশন নির্বাচন করে। সরকার নির্বাচন কমিশনের হুকুমে তাকে সাহায্য করে।” “এক মিনিটের জন্যও অনির্বাচিত জনপ্রতিনিধির সরকার দেশ পরিচালনা করতে পারবে না। এ নিয়েতো নতুন প্রশ্ন ওঠার সুযোগ নেই,” বলেন তিনি। মেননকে উদ্দেশ্য করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “১২৩ ধারা সংশোধন করলে কি সাংবিধানিক সঙ্কট কেটে যাবে? জ্বালাও পোড়াও, বিধ্বংসী রাজনীতি বন্ধ হবে? হরতাল বন্ধ হবে? বিরোধীদল কি সংসদে আসবে? তিনি (মেনন) কি দায়িত্ব নিয়ে কথা বলতে পারবেন?” ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ শব্দবন্ধটি তত্ত্বাবধায়ক সরকার এবং আমলাদের তৈরি বলেও তিনি উল্লেখ করেন। “মার্কিন প্রেসিডেন্ট ওবামা রাষ্ট্রপতি থেকেই নির্বাচন করবেন, এতে নির্বাচনের কিছু যায় আসে না। জনতার ভোটেই জয় পরাজয় নির্ধারিত হয়,” যোগ করেন সুরঞ্জিত। নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হতে চাইলে বিরোধীদলকে সংসদে ফেরার আহ্বান জানান সুরঞ্জিত সেনগুপ্ত। বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, “বিএনপির যদি অন্তর্বর্তীকালীন সরকারে ঢোকার খায়েশ থাকে তাহলে তারা আসতেই পারে। আপনাদের খায়েশ থাকলে আপনারা সংসদে এসে বলেন। আমার বিশ্বাস প্রধানমন্ত্রী বিবেচনা করতেও পারেন।” ‘ ধন্যবাদ বন্ধু’ মেনন সোমবার বাজেটের ওপর আলোচনায় বলেছিলেন, বিদ্যুৎ নিয়ে তিনি কিছু বলতে চান না। “এ নিয়ে কথা বললে প্রধানমন্ত্রী নাখোশ হন। সুরঞ্জিত বাবু দাঁড়িয়ে যান, ব্যক্তিগত আক্রমণ করেন, কারণ তার হারানো সাম্রাজ্য ফিরে পেতে হবে।” জবাবে সুরঞ্জিত বলেন, “তিনি (মেনন) কুইক রেন্টাল, কয়লা ও তেল উত্তোলন করতে দেবেন না। তাহলে কি দেশ অন্ধকারে নিমজ্জিত থাকবে? আমার পোর্টফলিও পাওয়ার যে বাসনা, সে দুঃখ বন্ধু মেনন বোঝায় তাকে ধন্যবাদ। তবে মন্ত্রীত্ব না পাওয়ার বেদনাও তিনি বুঝেছেন।” জ্বালানি খাতের সমস্যা কাটাতে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস উত্তোলনের ওপর গুরুত্ব দেন সাবেক রেলমন্ত্রী। অন্যদের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মোজাম্মেল হোসেন, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মহিবুর রহমান মানিক, সুকুমার রঞ্জন ঘোষ, সিলেট-৪ আসনের সাংসদ ইমরান আহমেদ, জামালপুর-২ আসনের সাংসদ ফরিদুল হক খান, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মমতাজ বেগম ও জোবেদা খাতুন মঙ্গলবার বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসআই/জেকে/১৬৪৫ ঘ.