চট্টগ্রাম, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর ঘটনায় দ্রুত বিচার আইনের মামলায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার চট্টগ্রাম মহানগর হাকিম ও দ্রুত বিচার আদালতের বিচারক আলী মনসুর বিএনপি নেতার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসলাম চৌধুরী কোতোয়ালি থানায় পুলিশের করা মামলায় এত দিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
গত ৭ জুন তিনি চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন নিয়েছিলেন।
আসলামের আইনজীবী আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি নেতা রোববার পর্যন্ত জামিনে ছিলেন। আদালতে হাজির হয়ে পুনরায় জামিন প্রার্থনা করলে বিচারক তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৩ মে নগরীর কাজীর দেউরী ও নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে ১৮ জোটের মিছিলের আগে বিএনপি ও জামায়াতকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই সময় পোড়ানো হয় বেশ কয়েকটি গাড়ি।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে কোতোয়ালি ও খুলশী থানায় দ্রুত বিচার আইনে তিনটিসহ মোট ছয়টি মামলা হয়, যাতে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের আসামি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৭৩০ ঘ.
bdnews24