২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতার ভাগ অন্য শক্তিকে নয়: ফখরুল

সরকারের এক প্রতিমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2012, 03:50 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের এক প্রতিমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা অন্য কাউকে ক্ষমতার ভাগ দেবেন না। শনিবার বিকালে নয়া পল্টনে মহানগর বিএনপি কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আমরা তৃতীয় কোনো শক্তির হাতে ক্ষমতা তুলে দিতে আন্দোলন করছি না। নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যেতে চায়। অন্য কাউকে ক্ষমতার ভাগ আমরা দেবো না।” এর আগে শুক্রবার এক আলোচনায় আইনপ্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছিলেন, তৃতীয় শক্তিকে ক্ষমতার আনার জন্যই বিএনপি আন্দোলন করছে। ওই বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, “বিএনপির সঙ্গে তৃতীয় কোনো শক্তির সর্ম্পক অতীতেও ছিলো না, এখনো নেই। বরং যতো অপশক্তি ক্ষমতা দখল করেছে, আওয়ামী লীগ প্রতিবার তাদের সমর্থন জানিয়েছে।” আলোচনায় দেশের স্থিতিশীলতা ও শান্তির জন্য সংবিধান সংশোধনেরও দাবি জানান তিনি। মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আবু সাঈদ খান খোকন, এম এ কাইয়ুম, আলী আজগর মাতব্বরসহ মহানগর ১৮ দলীয় জোট নেতারা বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/এএল/২১৪৫ ঘ.