ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণার মধ্যেই জাতীয় পার্টির এক তৃণমূল নেতার তীব্র সমালোচনার বানে বিদ্ধ হলেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ।
ওই নেতা এরশাদকে উদ্দেশ করে বলেছেন, তার নানামুখী কথায় দলে আস্থা সংকট দেখা দিয়েছে।
শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির জেলা ও উপজেলা শাখার সভাপতি-সম্পাদকদের যৌথসভায় খোদ এরশাদের উপস্থিতিতে এসব কথা ওঠে আসে।
অবশ্য সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আব্দুর রশিদ নামে ওই নেতার সমালোচনার জবাবে এরশাদ নিজেকে আবারো ‘এক কথার মানুষ’ বলেই দাবি করেছেন।
বক্তৃতায় আব্দুর রশিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “স্যার, অনেককেই বলতে শুনি আপনি সকালে এক কথা, আর বিকেলে আরেক কথা বলেন। তাই আমরা নেতা-কর্মীরা আস্থা হারিয়ে ফেলি।”
আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করতে চাইলে এখনই মহাজোট ছাড়ার পরামর্শ দেন এই তৃণমূল নেতা।
ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের অন্যতম শরিক জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদ গত কয়েক মাস ধরে বলে আসছেন, আগামী জাতীয় নির্বাচনে তার দল এককভাবে অংশ নেবে।
তৃণমূল নেতার ওই বক্তব্যের পরপরই প্রতিবাদ জানিয়ে বক্তব্য শুরু করেন এরশাদ।
এ ধরনের বক্তব্যকে ‘অপপ্রচার’ আখ্যায়িত করে তিনি বলেন, “আমি দুই কথা বলি না। যারা এ ধরনের কথা বলেন তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
নিজের রাজনৈতিক অবস্থানের স্বচ্ছতা প্রমাণ করতে গত নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে যোগ দেওয়ার প্রেক্ষাপটও তুলে ধরেন এরশাদ।
তিনি বলেন, “২০০৮ সালে নির্বাচনের আগে বিএনপির সঙ্গে জোট করেছিলাম। কিন্তু বিএনপির কারণেই আমাদের ওই জোট থেকে বেরিয়ে আসতে হয়েছে। পরে আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করেছি।”
ক্ষমতাসীন জোটের বাইরে গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, “আমরা কী আশা করেছিলাম আর কী পেলাম, তা আপনারা ভালো জানেন।”
প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে এই সাবেক সামরিক শাসক বলেন, “মানুষ দুই দলের কাছে জিম্মি হয়ে আছে। এ থেকে মানুষ মুক্তি চায়, বাঁচতে চায়। এজন্য তারা তৃতীয় শক্তির সন্ধান করছে। আর জাতীয় পার্টিই হলো সেই তৃতীয় শক্তি।”
দলের নেতাদের উদ্দেশে এরশাদ বলেন, “আগামী নির্বাচনে এককভাবে জয়ী হতে চায় পার্টি। কিন্তু সেই অবস্থা এখনো তৈরি হয়নি। সংগঠনকে শক্তিশালী করতে ঈদের পরে মাঠে নামা হবে।”
দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে কোনো আপত্তি নেই বলেও জানান তিনি।
এরশাদ বলেন, “আগামী নির্বাচনে কেউ আসুক আর না আসুক জাতীয় পার্টি অংশ নেবে। গণতন্ত্রের স্বার্থেই আগামী নির্বাচন যথাসময়ে হওয়া উচিত।”
দীর্ঘদিন ধরেই প্রধান বিরোধীদল বিএনপি ও সমমনা দলগুলো নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে। পাশাপাশি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে তারা।
সভায় অন্যদের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সভাপতিম-লীর সদস্য রওশন এরশাদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, দেলোয়ার হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএইচ/এএল/১৮৩২ ঘ.
bdnews24