২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাড়ে ৩ বছরেই জনগণ অতিষ্ঠ, ২০২১ বহুদূর’

আওয়ামী লীগ ক্ষমতায় স্থায়ীভাবে থাকতে চায় অভিযোগ করে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীনদের এই স্বপ্ন পূরণ হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2012, 02:37 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আওয়ামী লীগ ক্ষমতায় স্থায়ীভাবে থাকতে চায় অভিযোগ করে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীনদের এই স্বপ্ন পূরণ হবে না। শুক্রবার নয়া পল্টনে এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। ফখরুল বলেন, “অতীতের মতো আওয়ামী লীগের এবারও চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার ইচ্ছা জেগেছে। তারা বলেছে, ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। “তাদের সেই ইচ্ছা সফল হবে না। কারণ সাড়ে ৩ বছরে জনগণ তাদের দেশ পরিচালনা দেখে অতিষ্ঠ হয়ে পড়েছে।” ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আওয়ামী লীগ। দলীয় নেতারা আশাবাদী, জনগণ ওই সময় পর্যন্ত তাদের ক্ষমতায় রাখবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল সরকারের সমালোচনা করে বলেন, “তারা (সরকার) দুর্নীতিতে ডুবে গেছে। তারা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।” সংগঠনের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ আটক নেতাদের মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফখরুল। আটক নেতাদের মুক্তি দাবি করে তিনি বলেন, “মিথ্যা মামলা দিয়ে সরকার গোটা দেশটাকে কারাগারে পরিণত করেছে। সরকার ক্ষমতাকে পাকাপোক্ত করতেই দলীয় সরকারের অধীনে নির্বাচন ও গুম-হত্যা-মিথ্যা মামলার পথ বেছে নিয়েছে।” সমাবেশে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল আটক নেতাদের মুক্তির দাবিতে ২৫ জুন জেলায় জেলায়, ২৬ জুন সব শিক্ষা প্রতিষ্ঠান এবং ২৭ জুন বিভাগীয় শহরে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেন। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মির্জা আব্বাস, শামসুজ্জামান দুদু, আব্দুস সালাম, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুনির হোসেন, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০৩২ ঘ.