রংপুর, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুপক্ষের সংঘর্ষের সময় নিহত পীরগাছা
উপজেলা আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলামকে শুক্রবার দাফন করা হয়েছে।
এদিকে দলের নেতাকর্মীরা মফিজুলের ‘খুনিদের’ গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন। তারা মরদেহ উপজেলা সদরে নিয়ে যাওয়ার সময় পথ অবরোধ করেন।
দু’দফা জানাজা শেষে শুক্রবার বিকেলে উপজেলার মহিষমুড়ি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ গ্রেপ্তার করেনি কাউকে।
বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে একটি সভা চলাকালে দুপক্ষের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে বিকালে জেলা সদর হাসপাতালে মারা যান পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জে এন মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজুল ইসলাম। এসময় অন্তত ৫০ নেতাকর্মী আহত হন।
শুক্রবার সকাল ৮টায় সদর হাসপাতালের হিমঘর থেকে কড়া নিরাপত্তার মধ্যে মফিজুলের মরদেহ পীরগাছায় নেওয়ার পথে মহিষমুড়ি গ্রামের লোকজন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। এসময় তারা নিহত নেতার মরদেহ উপজেলা সদরে নিয়ে যেতে আপত্তি জানায় এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেয়। একপর্যায়ে তারা মরদেহবাহী অ্যাম্বুলেন্সটিকে মহিষমুড়ি গ্রামে নিয়ে যায়।
পরে স্থানীয় সাংসদ উত্তেজিত জনতাকে শান্ত করে মরদেহ আবার উপজেলা সদরে নিয়ে আসেন। সকাল ১১টায় জে এন মডেল হাই স্কুলে মফিজুলের প্রথম জানাজা হয়।
দলীয় সাংসদ টিপু মুন্সি, জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, পীরগাছা উপজেলা চেয়ারম্যান মাহবুবার রহমান, কাউনিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস, জেলা ও উপজেলার শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
পরে মফিজুলের মরদেহ বেলা ৩টার দিকে মহিষমুড়ি গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে আরেক দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পীরগাছা থানার ওসি রওশন মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে চিহ্নিত খুনিরা পুলিশি নজরদারিতে রয়েছে।
তিনি আরো জানান, এলাকায় উত্তেজনা বিরাজ করায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকালে সাংসদসহ নেতারা পুলিশি প্রহরায় জেলা শহরে ফিরে এসেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০০৮ ঘ.
bdnews24